ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, মানতে হবে যে যে শর্ত

প্রথম আলো ফাইল ছবি

মাধ্যমিক ও সমমান শ্রেণির (৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন উপবৃত্তির জন্য। ২০২৬ সালের ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবীরা এ সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এক কথা জানানো হয়।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত) ২০২৬ সালে ভর্তিকৃত শিক্ষার্থীদের চলমান অনলাইন আবেদনের সময় ১৪ জুনের পরিবর্তে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬ অনুযায়ী কয়েকটি শর্ত প্রতিপালন করতে হবে।

আরও পড়ুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালের মাধ্যমিক ও সমমান পর্যায়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণিতে ভর্তিকৃত ও অধ্যনরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা লিংকে প্রবেশ করে উল্লিখিত সময়ের মধ্যে আবেদন করতে পারবে।

আবেদনের কয়েকটি শর্ত হলো—

* মেধাবী হিসেবে শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ নম্বরপ্রাপ্ত অথবা জিপিএ–৫–এর ক্ষেত্রে ৩ দশমিক ৫০ প্রাপ্তির কপি আপলোড করতে হবে;

* এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী বা অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী (অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক) এবং ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এর সমর্থনে প্রমাণকের কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে;

আরও পড়ুন

* মা–বাবা বা অভিভাবকের বাৎসরিক আয় তিন লাখ টাকা বা তার কম হতে হবে শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপি আপলোড করতে হবে এবং

* ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন কপি, মা ও বাবার এনআইডি কপি, শিক্ষার্থীর ১ কপি ছবি এবং শিক্ষার্থী অথবা মা বা বাবার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। ভর্তি সহায়তা–সংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।

আরও পড়ুন