সিএসসি বৃত্তিতে চীনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, লিখতে হবে ৮০০ শব্দে গবেষণার পরিকল্পনা
চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশ্বের শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দেয়। তেমনি একটি বৃত্তি দেয় ল্যানঝো বিশ্ববিদ্যালয়। এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে সিএসসি বৃত্তি নিয়ে পড়াশোনা করা যাবে। আবেদনপ্রক্রিয়া চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের এ বৃত্তির জন্য আবেদনের সুযোগ রয়েছে। বৃত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সরকারি এ বৃত্তিটি পেতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় চীন সরকার এ বৃত্তিতে অর্থায়ন করে।
ল্যানঝো বিশ্ববিদ্যালয় চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম শীর্ষ ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মান বজায় রেখে একাডেমিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি আধুনিক গবেষণাগার, বিশ্বমানের ফ্যাকাল্টি এবং আন্তবিষয়ক শিক্ষার পরিবেশের জন্য প্রতিষ্ঠানটি বেশ প্রসিদ্ধ।
সুযোগ-সুবিধা—
সিএসসি বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত
নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি সম্পূর্ণ মওকুফ পাবেন
বিনা মূল্যে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে আবাসনের ব্যবস্থা
সম্পূর্ণ মেডিকেল ইনস্যুরেন্স সুবিধা।
মাসিক ভাতার মাধ্যমে আর্থিক সহায়তা
মাস্টার্সে শিক্ষার্থীদের জন্য মাসে ৩ হাজার চীনের ইউয়ান
পিএইচডিতে সাড়ে ৩ হাজার ইউয়ান।
আবেদনের যোগ্যতা—
বৃত্তির জন্য আবেদন করতে শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। এগুলো হলো—
প্রার্থীর অবশ্যই চীনা নাগরিকত্ব থাকা যাবে না
শারীরিক ও মানসিকভাবে প্রার্থীকে সুস্থ থাকতে হবে
মাস্টার্সে ভর্তির জন্য ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, বয়স ৩৫ বছরের নিচে
পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, বয়স ৪০ বছরের নিচে
ভালো একাডেমিক রেজাল্ট এবং গবেষণা দক্ষতা
সব প্রার্থীর ভাষাগত দক্ষতাও থাকতে হবে। সনদ জমা দিতে হবে।
প্রতিটি পরীক্ষার ফল ৬ মাস পর্যন্ত বৈধ বলে বিবেচিত হবে
স্নাতক বা উচ্চতর ডিগ্রির নোটারাইজড সনদপত্র জমা দিতে হবে
চীনা বা ইংরেজি ছাড়া অন্য ভাষার সনদ থাকলে অনুবাদের সঙ্গে নোটারাইজড কপি জমা দিতে হবে
দুজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপকের সুপারিশপত্র
ন্যূনতম ৮০০ শব্দে অধ্যয়ন বা গবেষণার পরিকল্পনা লিখে জমা দিতে হবে।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, সমাজবিজ্ঞান, মানবিকবিদ্যা থেকে শুরু করে কৃষি ও প্রকৌশল—সব ক্ষেত্রকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা জিওকেমিস্ট্রি, নিউক্লিয়ার সায়েন্স, পার্টিক্যাল ফিজিকস, রেডিওকেমিস্ট্রি, রিসোর্স অ্যান্ড পাওয়ার, কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউরোলজি, ইন্টারনাল মেডিসিন, সার্জারি, জার্নালিজম, আইন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, পাবলিক হেলথ, এপিডেমিওলজি, মিউজিক, আর্ট ডিজাইনসহ অসংখ্য বিষয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পাবেন।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬।