কলেজশিক্ষার্থীরা পাবে ভর্তি সহায়তা ৬,০০০ টাকা, আবেদন যেভাবে করতে হবে

ছবি: প্রথম আলো

সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক একাদশ ও সমমান পর্যায়ের ভর্তি সহায়তার জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) থেকে আবেদন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তির সঙ্গে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা ২০২৬’ যুক্ত করে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম প্রথম বর্ষে) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি করা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়ার লক্ষ্যে নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের লিংক-এ প্রবেশ করে আবেদন করতে হবে। শিক্ষার্থীরা ১২ এপ্রিল সকাল ৯টা থেকে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬’ অনুযায়ী শর্ত মানতে হবে।

এদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৪,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন

শর্তগুলো হলো—

—মেধাবী হিসেবে শিক্ষার্থীর আগের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ নম্বরপ্রাপ্ত অথবা জিপিএ ৫–এর ক্ষেত্রে ৩ দশমিক ৫০ প্রাপ্তির কপি আপলোড করতে হবে;

—এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী/অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী/অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী (অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক) এবং ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এর সমর্থনে প্রমাণকের কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে;

—পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় তিন লাখ টাকা বা তার কম হতে হবে;

—শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান/পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপি আপলোড করতে হবে।

আরও পড়ুন

যে যে কাগজপত্র প্রয়োজন—

১. প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন;

২. শিক্ষার্থীর জন্মনিবন্ধন কপি;

৩. পিতা ও মাতার এনআইডি কপি;

৪. শিক্ষার্থীর ১ কপি ছবি এবং শিক্ষার্থী অথবা পিতা বা মাতার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে।

আরও পড়ুন

কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। ভর্তি সহায়তা–সংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো)।