রোমানিয়ায় বিনা মূল্যে বাংলাদেশি শিক্ষার্থীদের কোর্স করার সুযোগ
গত দশকজুড়ে ব্যবসায়িক, শিক্ষা ও আর্থসামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য হতে পারে রোমানিয়া। রোমানিয়ায় পড়াশোনা ও জীবনযাত্রার খরচ পুরো ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে কম। অথচ মানের দিক থেকে শিক্ষাব্যবস্থা আপসহীন। ইউরোপের অন্য সেরা বিদ্যাপীঠগুলোর সঙ্গে এক সারিতে রয়েছে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
এই রোমানিয়ায় বিশেষ একটি গ্রীষ্মকালীন কোর্সের অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। রোমানীয় ভাষা, সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামটি চালু করেছে দেশটির সরকার। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস থেকে গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রাপ্ত ৫২৯ নম্বর নোট ভার্বালের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এই কোর্সের বিস্তারিত তথ্য এবং আবেদনপদ্ধতি রোমানিয়ার সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মে তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ই–মেইল ঠিকানাগুলো হলো: [email protected] এবং [email protected]।
২০০৭ সালে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পায়। রোমানিয়ার জাতীয় মুদ্রার নাম রোমানিয়ান লিউ। রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। আঙুর, আপেল, শর্ষে ও বিভিন্ন সবজি থেকে প্রস্তুতকৃত তেল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, লৌহ, ইস্পাতশিল্প, মেশিনারিশিল্প, বস্ত্রশিল্প ও মোটর গাড়ি তৈরির কারখানার মতো ভারী ভারী শিল্প রোমানিয়ার অর্থনীতিকে করেছে অত্যন্ত বেগবান।