পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বর্ণনামূলক প্রশ্ন

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

সাহিত্যিকেরা রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন?

উত্তর: বিশ শতকে রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সাহিত্যিক তাঁদের লেখার মাধ্যমে। শিক্ষার প্রসার ও নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা আরও বেগবান হয়।

প্রশ্ন :

বিশ শতকে কেন দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে? ভারতীয় জাতীয় কংগ্রেস দল কবে গঠিত হয়? বঙ্গভঙ্গ সম্পর্কে যা জান লেখো।

উত্তর: শিক্ষার প্রসার ও নবজাগরণের ফলে বিশ শতকে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে।

১৮৮৫ সালে ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’নামে রাজনৈতিক দল গঠিত হয়।

ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়, একে বঙ্গভঙ্গ বলে। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, অর্থাৎ দুই বাংলাকে একত্র করে দেওয়া হয়।

প্রশ্ন :

‘ভারতীয় মুসলিম লীগ’ কবে গঠিত হয়? ভারতের কয়েকটি বড় আন্দোলনের নাম লেখো। ব্রিটিশবিরোধী আন্দোলনে যাঁরা আত্মত্যাগ করেছেন তাদের সম্পর্কে লেখো।

উত্তর: ১৯০৬ সালে ‘ভারতীয় মুসলিম লীগ’নামে রাজনৈতিক দল গঠিত হয়।

ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ।

ব্রিটিশবিরোধী আন্দোলনে ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্যসেনের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেন। কিন্তু তাই বলে ব্রিটিশবিরোধী আন্দোলন থেমে থাকেনি, স্বাধীনতার জন্য ভারতীয়দের আন্দোলন চলতে থাকে।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

পূর্বের দিনের পড়া