জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, ফি ১০০০, জেনে নিন সব তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল পাঠদানকারী কলেজগুলোতে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদন শুরু হয়েছে। এ–সংক্রান্ত সূচিও প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাস্টার্স প্রফেশনাল কোর্সের ভর্তির আবেদন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৩ মার্চ রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ১০০০ টাকা।
কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সময় ৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। প্রাথমিক আবেদন ফরমসহ নির্ধারিত আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার শেষ সময় ৪ মার্চ পর্যন্ত।
প্রফেশনাল কোর্সগুলো হলো—
বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ] ও ২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম।
এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৫ এপ্রিল। ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে।
প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারী কর্তৃক প্রদত্ত ছবি/কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus /Important Notice অপশন থেকে জানা যাবে।