মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান টানা বন্ধ, রমজানসহ দেড় মাসের ছুটি শুরু যেদিন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে টানা কয়েক দিন ছুটিতে পড়ছে। মাসের শুরুর দিকে ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি ছিল। তবে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শবে বরাতের ছুটি নির্ধারিত ছিল ৪ ও ৫ ফেব্রুয়ারি। এরপর টানা ছুটি আসছে সব শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে স্কুল–কলেজের চেয়ে বেশি ছুটি পাবে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটির অংশ হিসেবে মাদ্রাসাগুলোয় ছুটি থাকবে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এই ছুটি পর থেকে মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরা টানা ছুটি পাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা–১ থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং সব বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার জন্য ২০২৬ শিক্ষাবর্ষের (১৪৩২–১৪৩৩ বঙ্গাব্দ) ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জির অনুমোদন দিয়েছে সরকার।
এ তালিকা বিশ্লেষণে দেখা গেছে, সর্বোচ্চ ৩০ দিন ছুটি থাকবে এবারের পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, পবিত্র জুমাতুল বিদা, লাইলাতুল কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে এই ছুটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিন ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। এই ছুটি চলবে আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত।
১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি মাদ্রাসায় পবিত্র রমজান মাসের ছুটি শুরু হবে। এরপর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ পবিত্র শবে কদর (চাঁদ দেখার ওপর নির্ভরশীল), ২০ মার্চ জুমাতুল বিদা (চাঁদ দেখার ওপর নির্ভরশীল), ২১ মার্চ ঈদুল ফিতর (চাঁদ দেখার ওপর নির্ভরশীল), ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার। তাই মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ।
এদিকে মোট ৭০ দিন ছুটি থাকবে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল আছে। গত বছর (২০২৫ সাল) মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে এ ছুটি ছিল ৭৫ দিন। এবার সে হিসাবে ছুটি কমেছে পাঁচ দিন।
সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল–কলেজ) ফেব্রুয়ারিতে টানা কয়েক দিন ছুটি পাবে। মাসের শুরুর দিনেই স্কুল–কলেজে মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি ছিল। এবার টানা পাঁচ দিনের ছুটি আসছে সব শিক্ষাপ্রতিষ্ঠানে। ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। সব মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফেব্রুয়ারিতে টানা পাঁচ দিনের ছুটি থাকছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষিত হয়েছে। ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি, বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা–কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো।
এর আগে ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ১১ ও ১২ ফেব্রুয়ারির পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকেরা সাধারণ ছুটি পাবেন। ফলে শুক্র ও শনিবার বাদে শ্রমিকেরা টানা তিন দিন ছুটি পাবেন।