এআইইউবিতে দ্বিতীয় আইসিসিএ-২০২২ সমাপ্ত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারি (এসিএম)-এর সহযোগিতায় এআইইউবি ক্যাম্পাসে ৩ দিনের ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট (আইসিসিএ-২০২২)’ শেষ হয়েছে।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশ ও বিদেশের কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন শাখার একাডেমিক ও প্রযুক্তিগত ইন্ডাস্ট্রির গবেষক ও বিশেষজ্ঞরা তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। ১০ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এআইইউবির উপাচার্য ড. কারমেন জিটা লামাগনা, প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম সিদ্দিক হোসেন এবং প্রোগ্রাম চেয়ার অধ্যাপক ড. খন্দকার তাবিন হাসান।
গতকাল শনিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, নতুন প্রজন্মের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভাবনসংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি উন্নয়নে এগিয়ে আসতে হবে। তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা পরিচালনায় এআইইউবির অবদানের কথা উল্লেখ করে এ ধরনের নেওয়ায় এআইইউবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ জানান, ডিজিটাল বাংলাদেশের পর সরকারের লক্ষ্য হলো ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ করা। এ জন্য সরকার ২০২৮ সালের মধ্যে প্রায় ১৪৫টি হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ বলেন, একটি নতুন সমস্যা খোঁজার পরিবর্তে আমরা নিয়মিতভাবে যে সমস্যার সম্মুখীন হচ্ছি তা খুঁজে বের করতে নিজেদের চারপাশে দেখা উচিত। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ হাসান। এ ছাড়া অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম তুলে ধরেন কনফারেন্স কো-চেয়ার সহযোগী অধ্যাপক মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা, ডিন, শিক্ষকেরা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, অংশগ্রহণকারী প্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ ও গবেষকেরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিন দিনের সম্মেলনে জমা হওয়া ২৫০টি গবেষণা প্রবন্ধের মধ্যে ৮৬টি গৃহীত ও উপস্থাপিত হয়। অধিবেশনগুলোতে কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন অ্যালগরিদম অ্যান্ড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিগ-ডেটা ইত্যাদি বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলো পরে এসিএম ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশ করা হবে।
সম্মেলনের প্রথম দিনে মূল বক্তা ছিলেন অস্ট্রেলিয়ার প্রফেসর ড. জেমস হারল্যান্ড ও প্রফেসর ড. মার্গারেট হ্যামিল্টন এবং মালয়েশিয়ার প্রফেসর ড. এনজি গিয়াপ ওয়েং। দ্বিতীয় ও তৃতীয় দিনে বাংলাদেশের প্রফেসর ড. সোহেল রহমান, জাপানের প্রফেসর ড. তেতসুয়া শিমামুরা, যুক্তরাজ্যের ড. ফয়সাল তারিক, যুক্তরাষ্ট্রের প্রফেসর ড. অচিন ভৌমিক ও প্রফেসর ড. কুমার পিয়াল দাস এবং কানাডার ড. দেবজ্যোতি মণ্ডল মূল বক্তা ছিলেন।
সম্মেলনের আটটি মূল অধিবেশন এবং একটি এসিএম লেকচার সেশন অনুষ্ঠিত হয়। গবেষণা প্রবন্ধ উপস্থাপনের পর প্রশ্নোত্তর শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পরিচালক অধ্যাপক ড. দীপ নন্দী সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষ অংশে এআইইউবি ইনস্টিটিউট অব কন্টিনিউইং এডুকেশনের পরিচালক মো. মনিরুল ইসলাম ‘নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং’ বিষয়ে একটি কর্মশালা করেন। সমাপনী অনুষ্ঠানে আয়োজক এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। সম্মেলনের পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা ব্যাংক, পিআইস টেক, ব্রেন স্টেশন ২৩, প্রিজম ইআরপি। আর সহযোগিতায় ছিল প্রথম আলো।