এইচএসসি ২০২২ - সমাজবিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১ : সৃজনশীল প্রশ্ন

অধ্যায় ১

সৃজনশীল প্রশ্ন

মাহিন একজন সমাজকর্মী। তাঁর কাছে এক ব্যক্তি সাহায্যের জন্য আসেন। ওই ব্যক্তি সম্প্রতি সহকর্মীদের কারণে চাকরি হারিয়েছেন। চাকরি হারানোর ফলে পরিবারের সদস্যদের কাছ থেকেও অপমানিত হয়েছেন। তিনি অত্যন্ত মানসিক চাপ ও অস্থিরতায় দিনাতিপাত করছেন। তাই তিনি তাঁর মানসিক শান্তির জন্য একজনের পরামর্শে মাহিনের কাছে আসেন।

প্রশ্ন

ক. অর্থনীতির জনক কে?

খ. সমাজকর্ম ও নৃবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করতে মাহিনকে কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে? ব্যাখ্যা করো।

ঘ. ‘মাহিনকে ওই ব্যক্তির সমস্যা সমাধানে সমাজকর্মীর পাশাপাশি চিকিত্সকের ভূমিকায়ও অবতীর্ণ হতে হবে’–বক্তব্যটি কতটা যৌক্তিক?

উত্তর

ক. অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ।

খ. প্রকৃতি ও বিষয়বস্তুগত দিক থেকে সমাজকর্ম ও নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক রয়েছে।

প্রকৃতিগত দিক থেকে উভয়ই সামাজিক বিজ্ঞান এবং উভয় বিজ্ঞানই মানুষের সামাজিক সম্পর্ক, সমাজকাঠামো, প্রথা-প্রতিষ্ঠান, সংস্কৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করে। তবে সমাজকর্ম ও নৃবিজ্ঞানের মধ্যে সাদৃশ্যমূলক সম্পর্ক থাকলেও সমাজকর্ম একটি সমন্বিত সামাজিক বিজ্ঞান এবং নৃবিজ্ঞান হলো মৌল সামাজিক বিজ্ঞানের বিশেষ শাখা।

গ. উদ্দীপকের সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সহায়তার জন্য মাহিনকে চিকিত্সা পেশার জ্ঞান অর্জন করতে হবে।

উদ্দীপকের সমস্যাগ্রস্ত ব্যক্তি একজনের পরামর্শে সহায়তা পাওয়ার আশায় সমাজকর্মী মাহিনের কাছে এসেছেন। এমতাবস্থায় মাহিনকে প্রথমেই ওই লোকের ব্যক্তিত্বের অস্বাভাবিকতা নির্ণয় এবং চিকিত্সার মাধ্যমে তাঁর মানসিক অবস্থার উন্নয়ন সাধন করতে হবে। ওই ব্যক্তির দীর্ঘমেয়াদি অভ্যন্তরীণ মানসিক চাপ তাঁর দৈহিক স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব ফেলেছে কি না, এ বিষয়ে মাহিনকে খেয়াল রাখতে হবে। কিন্তু এসব জ্ঞান প্রয়োগ করতে হলে একজন সমাজকর্মী হিসেবে মাহিনকে চিকিত্সা পেশার জ্ঞান নিতে হবে। এ বিষয়ের জ্ঞান ছাড়া তাঁর মনোদৈহিক সমস্যার অনুসন্ধান-প্রক্রিয়াও সফল হবে না। তাই মাহিনকে চিকিত্সা পেশার জ্ঞান অর্জন করতে হবে।

ঘ. মাহিনকে উদ্দীপকের সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে সমাজকর্মীর পাশাপাশি চিকিত্সকের ভূমিকায়ও অবতীর্ণ হতে হবে—বক্তব্যটি যৌক্তিক। চিকিত্সা ও সমাজকর্ম উভয়ই পেশা। একজন সমাজকর্মী ও চিকিত্সক সর্বদাই মানুষকে সেবা দিয়ে থাকেন। চিকিত্সক ব্যক্তির পূর্ণাঙ্গ সুস্থতা বিধানে কাজ করেন এবং একজন সমাজকর্মী ব্যক্তিকে সুস্থতার জন্য পরামর্শ ও সেবা দিয়ে থাকেন।

উদ্দীপকের সমস্যাগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে মাহিনকে উভয় ভূমিকায়ই অবতীর্ণ হতে হবে। ওই ব্যক্তিকে সেবা ও পরামর্শ দিয়ে সাহায্য করতে মাহিনকে সমাজকর্মী হিসেবে ভূমিকা রাখতে হবে। আবার তাঁর মনোদৈহিক অবস্থা পর্যবেক্ষণ করে তাঁকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে মাহিনকে চিকিত্সা পেশার জ্ঞান অর্জন করতে হবে। মাহিনের দ্বৈত ভূমিকাই পারবে ওই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সমস্যা থেকে মুক্ত করতে। একজন সমাজকর্মীকে সেবা ও পরামর্শ প্রদানের পাশাপাশি সাহায্যপ্রার্থীর মানসিক ও দৈহিক সুস্থতার বিষয়েও অগ্রসর হতে হবে।

তাই বলা যায়, মাহিনকে সমাজকর্মীর পাশাপাশি চিকিত্সকের ভূমিকায়ও অবতীর্ণ হতে হবে। কেননা, তা ছাড়া সমস্যা সমাধান সম্ভব হবে না। তাই প্রশ্নের বক্তব্যটি যৌক্তিক।

মোহাম্মদ হেদায়েত উল্লাহ, প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম

পূর্বের দিনের সৃজনশীল প্রশ্ন