কনিষ্ককে পড়াশোনায় সহায়তা দিতে চান অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় থাকা কনিষ্ক চাকমার বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ তাঁর পড়াশোনায় সহায়তা দিতে চান অনেকেই। গতকাল মঙ্গলবার সকাল থেকে সারা দিন কেউ ভর্তি সহায়তা, কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বিনা ভাড়ায় ঘর দেওয়া ও অনার্স কোর্স শেষ হওয়া পর্যন্ত খরচ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় আছেন কনিষ্ক চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকলেও টাকার অভাবে ভর্তি ও লেখাপড়া অনিশ্চিত হয়ে উঠেছে তাঁর। অসুস্থ কৃষক বাবার পক্ষে কনিষ্ক চাকমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য নেই বলে জানিয়েছেন তিনি।

আমি কোনো টাকা এখন চাচ্ছি না। আমি চাচ্ছি, আমার লেখাপড়া চালিয়ে নিয়ে যাওয়ার নিশ্চয়তা।
কনিষ্ক চাকমা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামের কনিষ্ক চাকমা জানিয়েছেন, ইতিমধ্যে অন্তত ২৫ ব্যক্তি তাঁকে মুঠোফোনে সহায়তার আশ্বাস দিয়েছেন।

গত সোমবার এ নিয়ে ‘তিন বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় থেকেও উচ্চশিক্ষা অনিশ্চিত কনিষ্ক চাকমার’ শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিত্তবান ব্যক্তিরা সহায়তার আশ্বাস দিয়ে যাচ্ছেন।

কনিষ্ক চাকমা
ছবি: প্রথম আলো

কনিষ্ক চাকমা বলেন, ‘লন্ডনপ্রবাসী মুনির হোসেন, ওসি প্রিয়দর্শী চাকমা ও প্রকৌশলী সবুজ চাকমা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও অনার্স কোর্স শেষ হওয়া পর্যন্ত খরচ দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া অনেক ব্যক্তি, সংগঠন আমাকে সহায়তার জন্য আশ্বাস দিয়েছেন। তবে এখনো কোনো ব্যক্তির কাছ থেকে কিছু নেওয়া হয়নি। আমি কোনো টাকা এখন চাচ্ছি না। আমি চাচ্ছি, আমার লেখাপড়া চালিয়ে নিয়ে যাওয়ার নিশ্চয়তা।’

কনিষ্ক চাকমার বাবা রাঙাজয় চাকমা বলেন, ‘এত দিন ছেলের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এখন বিভিন্ন বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে সহায়তার আশ্বাস পেয়ে চিন্তামুক্ত হলাম। সে জন্য প্রথম আলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’