ব্যর্থতার দায় নিলেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
ছবি : সংগৃহীত

একদিকে বক্স অফিসে একের পর এক ধরাশায়ী হচ্ছে বলিউড ছবি, অন্যদিকে দক্ষিণ ভারতের ছবিগুলোর দৌরাত্ম্য ক্রমেই বেড়ে চলেছে। তার ওপর আমির খানের ‘লাল সিং চাড্ডা’কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়কট ট্রেন্ড’ জোর কদমে চলছিল, এমনকি তাঁকে দেশবিরোধী বলে নেট দুনিয়ায় রীতিমতো তুলাধোনা করা হচ্ছিল। সব মিলিয়ে এই ছবির মুক্তির আগে বেশ উদ্বিগ্ন ছিলেন আমির খান। মুক্তির আগে বর্জনের প্রসঙ্গে তিনি হতাশার সুরে বলেছিলেন, ‘এই বয়কট ট্রেন্ড আমাকে কষ্ট দিচ্ছে। আমাকে দেশবিরোধী বলা হচ্ছে। বলা হচ্ছে, আমি ভারতকে পছন্দ করি না। এটা সম্পূর্ণ ভুল। আমার দেশকে সত্যিই ভালোবাসি। আমি দেশবিরোধী নই। কিছু লোক যদি আমার সম্পর্কে এমন ভুল ধারণা মনে পুষে রাখেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সবাইকে অনুরোধ করছি, এই ভুল ধারণা নেবেন না। আমার ছবি বর্জন করবেন না। অনুগ্রহ করে ছবিটি দেখুন।’

‘লাল সিং চাড্ডা’য় কারিনা ও আমির খান
ছবি: সংগৃহীত

আমিরের এই আকুতি বিফলে গিয়েছিল। ১৮০ কোটির ‘লাল সিং চাড্ডা’দেশের মাটিতে ৮০ কোটির বেশি ব্যবসা করতে পারেনি। চিত্রসমালোচকেরা আমিরের সমালোচনায় মুখর ছিলেন। কারণ, ‘ফরেস্ট গাম্প’-এর মতো কালজয়ী ছবির রিমেক বানানোর স্পর্ধা দেখিয়েছেন তিনি। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ এবার পুরোপুরি ব্যর্থ নিজের খ্যাতির প্রতি সুবিচার করতে।

‘লাল সিং চাড্ডা’ চরিত্রে আমির খান
ছবি : সংগৃহীত

অস্কারজয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক বানানোর শুরু থেকেই দ্বিধায় ছিলেন আমির। তাঁর বন্ধু তথা বলিউড অভিনেতা অতুল কুলকার্নি রিমেকের চিত্রনাট্য লিখেছিলেন। শুরুতেই আমির অতুলকে জানিয়েছিলেন, রিমেক ছবি করবেন না। কিন্তু অতুলের জোরাজুরিতে শেষ পর্যন্ত চিত্রনাট্য শুনতে বাধ্য হন। শোনার পরই তাঁর মন ছুঁয়ে গিয়েছিল ছবির চিত্রনাট্য। কিন্তু মুক্তির পর দর্শকের মন জয় করতে ব্যর্থ হলো ছবিটি। অনেকের মতে, ‘লাল সিং চাড্ডা’র কোথাও কোথাও আবেগের অভাব ছিল।

আরও পড়ুন

গত ১১ আগস্ট এই ছবির মুক্তির পর বর্জনের দাবি আরও প্রবল হয়ে ওঠে। পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, এমনকি পশ্চিমবঙ্গের বুকেও আছড়ে পড়েছিল এই ঝড়। ছবির প্রদর্শনী বাতিলের দাবিতে ভারতের নানা প্রান্তে বিক্ষোভ দেখিয়েছিল কয়েকটি সাম্প্রদায়িক সংগঠন। লক্ষ্ণৌর অখিল ভারতীয় হিন্দু মহাসভা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এই ছবি প্রদর্শন না করার দাবি তুলেছিল।

ছবিতে আমির ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান
ছবি : সংগৃহীত

আমির, পরিচালক অদ্বৈত চন্দন, প্রযোজকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছিল। ভারতীয় সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগও উঠেছিল আমিরের বিরুদ্ধে। দিল্লির আইনজীবী বিনীত জিন্দাল আমিরসহ এই ছবির সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে এফআইআর দায়ের পর্যন্ত করেছিলেন। এই আইনজীবীর অভিযোগ, ‘লাল সিং চাড্ডা’র গল্পে বেশ কিছু আপত্তিকর বিষয় আছে। প্রায় এ রকমই অভিযোগ এনেছিলেন পশ্চিমবঙ্গের আইনজীবী নাজিয়া ইলাহি। এই আইনজীবীর অভিযোগ, ছবিতে উসকানিমূলক বিষয় আছে। তিনিও ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রদর্শনী বন্ধের জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সব মিলিয়ে ক্রমাগত কোণঠাসা হয়ে পড়েছিলেন আমির।

আরও পড়ুন

চলচ্চিত্রজগৎ থেকে আলিয়া ভাট, করণ জোহর, টুইঙ্কেল খান্না, জোয়া আখতার, মিলিন্দ সোমান, নাগা চৈতন্য, চিরঞ্জীবী, রাম চরণ, পরিচালক সুকুমার, এস এস রাজামৌলিসহ অনেকেই আমিরের বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলেন। এমনকি এই সময়ে হলিউডকেও পাশে পেয়েছিলেন তিনি। কিন্তু তাতেও আমির ভরাডুবির হাত থেকে নিজের ছবিকে রক্ষা করতে পারেননি।

কারিনা কাপুর খান ও আমির খান,
ছবি : সংগৃহীত

‘লাল সিং চাড্ডা’র ওটিটিতে মুক্তি পাওয়া নিয়েও জল কম ঘোলা হচ্ছে না। ছবিটির মুক্তির আগে আমির প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, বক্স অফিসে হিন্দি ছবির ভরাডুবির জন্য কিছুটা হলেও ওটিটি প্ল্যাটফর্মগুলো দায়ী। তাঁর মতে, ছবি মুক্তির পর খুব তাড়াতাড়ি তা ওটিটিতে চলে আসছে। তাই দর্শক হলমুখী হচ্ছেন না। তিনি জানিয়েছিলেন, প্রেক্ষাগৃহে মুক্তির পর ছয় মাসের আগে ওটিটিতে ‘লাল সিং চাড্ডা’ মুক্তি দেবেন না। আমিরের পরিকল্পনা ছিল, ভারতের পর এই ছবি চীনে মুক্তি দেবেন। এরপর ওটিটি থেকে বড় দাঁও মারবেন। কিন্তু বক্স অফিসে ছবির চরম ব্যর্থতা আমিরের সব আশায় পানি ঢেলে দিয়েছে। উপায় না দেখে তিনি ওটিটির হাত ধরে এই বৈতরণি পার হতে চেয়েছিলেন। এদিকে নেটফ্লিক্সও ঝোপ বুঝে কোপ মেরেছে।

আরও পড়ুন

এই জনপ্রিয় প্ল্যাটফর্ম সাফ জানিয়েছিল, ৬ মাস পর ছবি মুক্তি দিলে তারা ৫০ কোটি রুপির বেশি এক কানাকড়িও দেবে না। আমিরও নাছোড়বান্দা ছিলেন, ১২৫ কোটিতেই বিক্রি করবেন। জানা গেছে, দর–কষাকষির পর নেটফ্লিক্স ৯০ কোটি দিতে রাজি হয়েছে। চুক্তি চূড়ান্ত হলে ‘লাল সিং চাড্ডা’ভরাডুবির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। কারণ, দেশ-বিদেশ মিলিয়ে এই ছবির নির্মাতাদের ভাঁড়ারে এসেছে প্রায় ১২৭ কোটি।

আমির খান
ছবি: সংগৃহীত

ছবির ব্যর্থতার সব দায়ভার মাথা পেতে নিয়েছেন আমির। এক ভিডিও পোস্ট করে ভক্তদের উদ্দেশে ক্ষমা চেয়েছেন। ভিডিওতে আমির বলেছেন, ‘আমরা সবাই মানুষ। আমাদের ভুলভ্রান্তি হয়েই থাকে। কখনো কথার মাধ্যমে, কখনো নিজের ব্যবহারে, আবার কখনোবা অজান্তে। কখনো রেগে, আবার কখনো হাসি–মজার মাধ্যমে। কখনো কথা না বলে। আমি যদি কোনোভাবে কখনো আপনাদের মনে আঘাত দিয়ে থাকি, তার জন্য শারীরিক ও মানসিকভাবে ক্ষমা চাইছি।’

আরও পড়ুন