ধানুশের বিরুদ্ধে ৩০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি
আবারও আইনি জটিলতায় দক্ষিণি অভিনেতা ধানুশ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এক চলচ্চিত্র প্রকল্পকে ঘিরে তাঁর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা থান্ডেল ফিল্মস। অভিযোগ—চুক্তিবদ্ধ ছবির কাজ মাঝপথে বন্ধ রেখে দেওয়ায় প্রযোজনা সংস্থার প্রায় ৩০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, যার ক্ষতিপূরণই এখন দাবি করা হচ্ছে।
খবরে বলা হচ্ছে, ২০১৬ সালে ‘নান রুদ্র’ নামে একটি ছবিতে অভিনয় ও পরিচালনার জন্য ধানুশের সঙ্গে চুক্তি হয়। প্রাথমিক পর্যায়ে প্রযোজনা সংস্থা ছবিটির জন্য প্রস্তুতিও শুরু করে এবং বড় বাজেটের পরিকল্পনা নেয়। অভিযোগ অনুযায়ী, পরে গল্প ও পরিকল্পনায় কিছু পরিবর্তন মেনে নেওয়া হলেও শেষ পর্যন্ত সম্পূর্ণ চিত্রনাট্য জমা না দেওয়ার কারণে ছবিটি আর এগোয়নি। এর ফলে প্রকল্পটি দীর্ঘদিন ধরে স্থগিত অবস্থায় পড়ে থাকে।
আইনি নোটিশে আরও দাবি করা হয়েছে, ছবির জন্য অগ্রিম অর্থ ছাড়াও অন্যান্য খাতে বড় অঙ্কের ব্যয় করা হয়েছিল। সম্ভাব্য অভিনয়শিল্পীর তালিকায় ছিলেন নাগার্জুন আক্কিনেনি, এসজে সুরিয়া। তাঁদের সঙ্গে আলোচনা ও প্রস্তুতির পেছনেও ব্যয় হয় উল্লেখযোগ্য অর্থ। প্রযোজনা সংস্থার মতে, এত দিন ধরে প্রকল্প আটকে থাকায় আর্থিক ক্ষতি দিন দিন বেড়েছে।
আইনজীবী এ চিদাম্বরমের মাধ্যমে পাঠানো নোটিশে বলা হয়েছে, ধানুশ নাকি এই ছবির কাজ শেষ না করেই অন্য ছবিতে তারিখ (কলশিট) দিয়েছেন। এ কারণেই প্রকল্পের অগ্রগতি পুরোপুরি থেমে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হলে তারা আরও কঠোর আইনি পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেছে।
তবে এ বিষয়ে ধানুশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। অভিনেতা পুরো বিষয়টি নিয়ে নীরব রয়েছেন, যা নিয়ে দক্ষিণি চলচ্চিত্র মহলেও জল্পনা বাড়ছে।
ক্যারিয়ারের দিক থেকে ধানুশ সম্প্রতি বেশ ব্যস্ত সময় পার করছেন। ২০২৫ সালে মুক্তি পাওয়া তাঁর কয়েকটি ছবি বক্স অফিসে আলোচনায় ছিল। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামা ‘তেরে ইশক ম্যায়’ ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১৮০ কোটি টাকা আয় করে।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে