অতিরিক্ত ফোন ব্যবহার করে হাসপাতালে নায়িকা, অস্ত্রোপচার করাতে হয়েছে

শাকিলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মুঠোফোন এখন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু অতিরিক্ত ব্যবহার যে শরীরের জন্য কতটা ক্ষতিকর, নিজের অভিজ্ঞতা দিয়ে তারই সতর্কবার্তা দিলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী শাকিলা। দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহার ও ভুল ভঙ্গিতে থাকার কারণে গুরুতর ঘাড়ের সমস্যায় ভুগেছেন তিনি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে, খরচ হয়েছে প্রায় ৩ লাখ রুপি (প্রায় ৪ লাখ টাকা)।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত একটি ভ্লগে নিজের অসুস্থতা ও অস্ত্রোপচারের অভিজ্ঞতা জানিয়েছেন শাকিলা। সেখানে তাঁকে চেন্নাইয়ের মেডওয়ে হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়। অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে কীভাবে সুস্থ হয়ে উঠছেন, সেটিও ভ্লগে দেখিয়েছেন তিনি।

শাকিলা জানান, বিছানায় কাত হয়ে শুয়ে ঘণ্টার পর ঘণ্টা মুঠোফোনে গেম খেলতেন। কখনো একটানা চার ঘণ্টা পর্যন্ত একই অবস্থায় থাকতেন। চা বা কফি খাওয়ার জন্য শুধু বিছানা থেকে উঠতেন। চা শেষ করেই আবার ফিরে যেতেন গেমে।
শাকিলা বলেন, ‘আমি বিছানায় এক পাশ ফিরে শুয়ে মুঠোফোনে প্রায় চার ঘণ্টা টানা গেম খেলতাম। শুধু চা বা কফি খাওয়ার জন্য উঠতাম। চা খাওয়া শেষ করে আবার একই গেম খেলতে বসতাম।’

শুধু গেম নয়, এরপর ঘণ্টার পর ঘণ্টা ভিডিও ও রিলস দেখতেন তিনি। এভাবে দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহারের সঙ্গে ভুল ভঙ্গিতে থাকার অভ্যাস ধীরে ধীরে তাঁর ঘাড়ে গুরুতর সমস্যা তৈরি করে। একপর্যায়ে ব্যথা এতটাই বেড়ে যায় যে অস্ত্রোপচার ছাড়া উপায় ছিল না বলে জানান তিনি।

অস্ত্রোপচারের পরও বেশ কঠিন সময় পার করতে হয়েছে শাকিলাকে। বিছানা থেকে উঠতে এমনকি খাবার খেতেও অন্যের সাহায্য নিতে হয়েছে তাঁকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হওয়ার সময় ঘাড়ে কলারও পরতে হয়েছে।
শাকিলা বলেন, তাঁর ঘাড়ের একটি অংশ থেকে তরল বেরিয়ে যাওয়ার কারণে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। অস্ত্রোপচারের সময় সেখানে টাইটানিয়ামের স্ক্রু ব্যবহার করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

‘প্রয়োজনের বেশি ফোন ব্যবহার করবেন না’
নিজের অভিজ্ঞতা থেকে দর্শকদের সতর্ক করে শাকিলা বলেন, মুঠোফোন নিঃসন্দেহে খুব প্রয়োজনীয় একটি যন্ত্র, তবে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়।
বিশেষ করে শিশু ও অভিভাবকদের সতর্ক করেছেন শাকিলা। তাঁর পরামর্শ, মুঠোফোনে অপ্রয়োজনীয় ভিডিও দেখা কিংবা ঘণ্টার পর ঘণ্টা গেম খেলার অভ্যাস কমাতে হবে।

শাকিলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

হাস্যরসের মাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরলেও শাকিলা বলেন, তাঁর সতর্কবার্তাটি দর্শকদের গুরুত্ব দিয়ে নেওয়া উচিত।

শাকিলা আরও বলেন, ‘ফোন শুধু প্রয়োজনীয় কাজে ব্যবহার করুন। অপ্রয়োজনীয় ভিডিও দেখবেন না—এমনকি আমার ভিডিও–ও নয়। শুধু প্রয়োজনীয় ও উপকারী ভিডিও দেখুন।’

এরপর খানিকটা রসিকতা করেই তিনি আরও বলেন, ‘তা নাহলে একদিকে ৩ লাখ রুপি খরচ হবে, অন্যদিকে অসহনীয় ব্যথাও সহ্য করতে হবে।’

কে এই শাকিলা
চেন্নাইয়ে জন্ম নেওয়া শাকিলা নব্বইয়ের দশকে বিনোদনজগতে পা রাখেন। পরে মালয়ালম সিনেমার অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
১৯৯৫ সালের তামিল সিনেমা ‘প্লে গার্লস’ দিয়ে অভিনয়ে অভিষেক শাকিলার। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সিল্ক স্মিতা। তবে ২০০০ সালের মালয়ালম সিনেমা ‘কিন্নারা থুম্বিকাল’ তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

আরও পড়ুন

একসময় শাকিলার সিনেমা শুধু দক্ষিণ ভারতেই নয়, ভারতের বিভিন্ন ভাষায় ডাব করে মুক্তি দেওয়া হতো। তাঁর সিনেমা নেপালি, চীনা ও সিংহলি ভাষাতেও মুক্তি পেয়েছে।
২০০২ সালে তিনি এ ধরনের সিনেমায় অভিনয় থেকে সরে আসার ঘোষণা দেন। এরপর মূলধারার সিনেমায় অভিনয় শুরু করেন। মোহনলাল, বিজয় ও মহেশ বাবুর মতো তারকার সঙ্গে সিনেমায় দেখা গেছে তাঁকে।

পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজেও যুক্ত হন শাকিলা। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘সেক্স এডুকেশন’ সিরিজের প্রচারণার অংশ হিসেবে তাঁকে নিয়ে তৈরি করা হয়েছিল ‘শাকিলাস ড্রাইভিং স্কুল’ নামের একটি প্রচারমূলক ভিডিও।

ইন্ডিয়া টুডে অবলম্বনে