‘আমি গ্লিসারিন ব্যবহার করি না’
২০১০ সালে ‘ইসি লাইফ ম্যাঁয়’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন অভিনেত্রী সন্দীপা ধর। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে তাঁর এক দশকের বেশি সময় পেরিয়েছে। সবশেষ ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘দো দিওয়ানে শহর মেঁ’ ছবিতে ‘নয়না’ চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার, আত্মস্বীকৃতি, সামাজিক চাপ ও স্বজনপ্রীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
‘দো দিওয়ানে শহর মেঁ’তে ‘নয়না’ এমন এক নারী, যার জীবন বাইরে থেকে নিখুঁত মনে হলেও ভেতরে রয়েছে নিরাপত্তাহীনতা ও গভীর একাকিত্ব। স্বামীর কাছ থেকে স্বীকৃতির আশায় নিজেকে সে বারবার বদলানোর চেষ্টা করে। চরিত্রটি নিয়ে সন্দীপা বলেন, ‘বাস্তব জীবনেও অনেক মেয়েকে রূপ-রং নিয়ে অনিরাপত্তায় ভোগানো হয়। সমাজ এমনভাবে চাপ তৈরি করে যে তারা নিজেদের নিয়েই সন্দিহান হয়ে পড়ে।’
রবি উদয়বার পরিচালিত ‘দো দিওয়ানে শহর মেঁ’ ছবির মাধ্যমে নিজের ইমেজে পরিবর্তন এসেছে বলেও মনে করেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘অভয় বা অরোরার তুলনায় নয়না চরিত্রটি আলাদা। এখানে আমি মুম্বাইয়ের আধুনিক, গ্ল্যামারাস ও আত্মবিশ্বাসী এক নারীর ভূমিকায় অভিনয় করেছি।’ ছবির একটি আবেগঘন দৃশ্য তাঁর কাছে ছিল সবচেয়ে কঠিন। ‘আমি গ্লিসারিন ব্যবহার করি না। তাই সেই আবেগে নিজেকে নিয়ে যেতে হয়। কম টেকে নিখুঁতভাবে দৃশ্যটি তুলে ধরার চাপ থাকে।’ বলেন তিনি।
এই ছবির মূল সুর আত্মস্বীকৃতি। এ প্রসঙ্গে সন্দীপার স্পষ্ট বক্তব্য, ‘সবচেয়ে জরুরি স্বীকৃতি নিজের কাছ থেকে পাওয়া। নিজেকে বলতে হবে, “আমি যেমন, তেমনই যথেষ্ট।” যখন নিজের সঙ্গে খুশি থাকতে শেখা যায়, তখন অন্যের মতামত আর ততটা গুরুত্বপূর্ণ থাকে না।’ ছোটবেলা থেকে তুলনার মধ্যে বেড়ে ওঠার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। ‘আমরা প্রায়ই শুনে বড় হই—“ওমুকের মতো হও”, “ওর কাছ থেকে শেখো।” তখন না বুঝলেও বড় হয়ে বুঝি, এই তুলনা মোটেও স্বাস্থ্যকর নয়।’
নারীদের ওপর সামাজিক চাপ নিয়ে তাঁর মন্তব্য, ‘এখনো মেয়েদের বলা হয়, ওজন কমাও, আরও ফরসা হও, ত্বকের যত্ন নাও। আমরা সবাই কোনো না কোনো জায়গায় বৈধতা খুঁজি—পরিবার, সঙ্গী কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।’
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় কাজের সুযোগকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন। ‘বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন প্রত্যেক শিল্পীরই থাকে। এই প্রস্তাব পাওয়ার পর পুরো চিত্রনাট্য না পড়েই রাজি হয়ে গিয়েছিলাম,’ বলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবার কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবানও মনে করেন সন্দীপা।
স্বজনপ্রীতি প্রসঙ্গেও তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তববাদী, ‘অনেক সময় অডিশন দেওয়ার পরও কাজ অন্য কারও কাছে চলে যায়। এতে হতাশা আসতে পারে। তবে এটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, সব ক্ষেত্রেই ঘটে।’ তাঁর বিশ্বাস, ‘প্রতিটি প্রজেক্টের নিজস্ব ভাগ্য থাকে। যদি কোনো কাজ আপনার জন্য হয়, সেটি একসময় আপনার কাছেই ফিরে আসবে।’
নিজেকে ‘অ্যাক্সিডেন্টাল অ্যাক্ট্রেস’ বলতেই স্বচ্ছন্দ সন্দীপা। অভিনয়ে আসার গল্প স্মরণ করে বলেন, ‘অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কলেজে করা কিছু বিজ্ঞাপন দেখে সুরজ বড়জাতিয়ার টিম আমাকে অডিশনে ডাকে। আমি তাঁর ভক্ত ছিলাম, তাই শুধু তাঁকে দেখার ইচ্ছাতেই অডিশনে যাই।’ পরে তাঁর কাছ থেকেই প্রথম ছবির সুযোগ পান তিনি।
‘ডক্টর অরোরা: গুপ্ত রোগবিশেষজ্ঞ’ সিরিজে সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেছেন অভিনেত্রী। ‘এই বিষয়টি নিয়ে আমি স্বচ্ছন্দ ছিলাম। গল্পটি সংবেদনশীলভাবে লেখা ও পরিচালনা করা হয়েছে বলেই অস্বস্তি হয়নি। যদিও ব্যক্তিগতভাবে আমি লাজুক, তাই চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’
সামনে নেটফ্লিক্সে মুক্তি পাবে তাঁর নতুন সিরিজ চুম্বক। কমেডি ঘরানার এই সিরিজ নিয়ে আশাবাদী তিনি। ‘“খিচড়ি” ও “সারাভাই ভার্সেস সারাভাই”–এর লেখকেরাই এই শো লিখেছেন। তাই দর্শকেরা ভালো বিনোদন পাবেন,’ বলেন সন্দীপা।
দীর্ঘ পথচলার পর নিজেকে আরও পরিণত মনে করেন এই অভিনেত্রী। সামনে আরও বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরার প্রত্যাশাই এখন তাঁর প্রধান লক্ষ্য।