‘যে রাতগুলো আমি একা কেঁদেছি, তখন আপনারা ছিলেন না’
ব্যক্তিগত জীবনে টালমাটাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। চলছে তাঁর বিচ্ছেদের মামলা। পাশাপাশি ২০২৪ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে তাঁর ভাই আটক রয়েছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। এমন অবস্থায় অভিনেত্রীর মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হলেও তিনি সেরে উঠছেন বলে জানালেন। ভাগ করে নিলেন একাধিক ঝলমলে ছবি।
কঠিন পরিস্থিতির সঙ্গে কী ভাবে মানিয়ে নিচ্ছেন সেলিনা? কী ভাবে থাকছেন ঝলমলে? নিজেকে মানসিকভাবে সারিয়ে তোলার কাহিনি শোনালেন তিনি। অভিনেত্রী জানান, এমন দিনও কেটেছে, যেদিন তিনি একা একা কেঁদেছেন। কখনো বুকের ভেতরটা হু হু করেছে, মনে হয়েছে এই লড়াই ছেড়ে পালিয়ে যাওয়াই একমাত্র উপায়। কিন্তু, সেলিনা তা করেননি। এসবের মধ্যে বরং নিজের সঙ্গে একাত্ম হতে পেরেছেন তিনি। শান্তি খুঁজে পেয়েছেন। যত দিন গেছে, তত শক্তিশালী হয়েছেন, আত্মবিশ্বাসী হয়েছেন।
এক ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘যদি আমাকে সুখে থাকতে, আমার পছন্দের খাবার খেতে, সুন্দর পোশাক পরে হাসতে দেখেন…তাহলে আমাকে আমার মতো থাকতে দেবেন। যে রাতগুলো আমি একা কেঁদেছি, তখন আপনারা ছিলেন না। যখন নিজেকে পুরোপুরি শূন্য মনে হয়েছে, তখনো আপনারা ছিলেন না। আমি একাই টিকে থাকতে শিখেছি। তাই এখন আমাকে হাসতে দেখলে বুঝবেন, এই পথটা সহজ ছিল না।’
তাঁর মুখের হাসি আদতে অনেক যন্ত্রণা দিয়ে তৈরি, জানান অভিনেত্রী। তাঁর মতে, এই হাসিটা তিনি অর্জন করেছেন। তিনি বলেন, ‘দুনিয়ার পেছনে ছুটে লাভ নেই, নিজের কাছেই ফিরে আসা প্রয়োজন। নিজের কাছে ফিরে এসে নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করুন।’
১৪ বছর ধরে রুপালি পর্দা থেকে দূরে সেলিনা। তাঁকে শেষ ২০১১ সালের ‘থ্যাঙ্ক ইউ’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে