পিঠ পুড়ে গিয়েছিল তবু চালিয়ে গেছেন শুটিং

শিল্পা শেঠি। ইনস্টাগ্রাম থেকে

১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবিতে শাহরুখ খান ও কাজলের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন শিল্পা শেঠি। ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইন্ডাস্ট্রির অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা স্পষ্ট জানিয়েছেন, এই সাফল্য তাঁর কাছে কখনো সহজে আসেনি।

ইউটিউব চ্যানেল ‘টুমরো, টুডে শো’-তে কথা বলতে গিয়ে শিল্পা বলেন, ‘আমি কাজ পেয়েছি, কারণ মানুষ আমার কঠোর পরিশ্রম দেখেছেন। পরিস্থিতি যা–ই হোক না কেন, আমি আমার কাজ ডেলিভারি করেছি এবং আমি উপস্থিত থেকেছি।’ তাঁর এই বক্তব্যেই পরিষ্কার, ক্যারিয়ারের শুরু থেকে তিনি পেশাদারত্বকে কতটা গুরুত্ব দিয়েছেন।

শিল্পা শেঠি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

একটি কঠিন অভিজ্ঞতার কথাও শেয়ার করেন অভিনেত্রী। তিনি জানান, একবার শুটিং চলাকালে গুরুতরভাবে পিঠ পুড়ে গিয়েছিল তাঁর। সেই ঘটনার স্মৃতি তুলে ধরে শিল্পা বলেন, ‘আমার মনে আছে, একটি শটে এইচএমআই লাইটে আমার পিঠ পুড়ে গিয়েছিল। শট অনুযায়ী আমাকে ফ্রেমের বাইরে যেতে হয়েছিল এবং পেছনে থাকা আলোটা আমার গায়ে লেগেছিল। পুড়ে যাওয়ার মুহূর্তে সেটা বোঝা যায় না, পরে যখন জ্বালা শুরু হয়, তখন বুঝতে পারি।’

আরও পড়ুন

শিল্পা আরও যোগ করেন, ‘পরদিনও আমি শুটিংয়ে হাজির হই। পোশাক পরার কথা ছিল, কিন্তু পিঠে পোড়ার জন্য সেটা পরতে পারিনি। তাই সামনে থেকে ড্রেসটা পরে থ্রেড দিয়ে সেলাই করে নিতে বলেছিলাম, যাতে চেন লাগাতে না হয়। আমি জীবনে এতটাই কঠোর পরিশ্রম করেছি, যাতে আমার কারণে অন্য কারও ক্ষতি না হয়।’
শিল্পাকে সম্প্রতি দেখা গেছে রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’–এ। সামনে রয়েছে কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন সঞ্জয় দত্তসহ একাধিক তারকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে