প্রথম দিনেই ১০০ কোটি পার করল ‘টক্সিক’, ধাক্কা খেল ‘আওয়ারাপন ২’

‘টক্সিক’–এ কিয়ারা ও যশ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গতকাল ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যশ অভিনীত ছবি ‘টক্সিক’। ছবিটির মুক্তিকে ঘিরে ভারতের দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। মুক্তির দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় দেখা গেছে। এর প্রভাব পড়েছে বক্স অফিসেও। প্রথম দিনেই দুর্দান্ত ব্যবসা করেছে ‘টক্সিক’। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েও ছবিটি ভালো আয় করেছে।

‘টক্সিক’–এ যশ। এক্স থেকে

একাধিক রেকর্ড ভাঙল ‘টক্সিক’
মুক্তির প্রথম দিনেই ভারতীয় সিনেমার একাধিক ব্লকবাস্টারের প্রথম দিনের আয়ের রেকর্ড পেরিয়ে গেছে ‘টক্সিক’। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ আয় করেছিল ৬৩ কোটি ৮০ লাখ রুপি। শাহরুখের ‘জওয়ান’-এর প্রথম দিনের আয় ছিল ৭৫ কোটি রুপি। আর ‘কল্কি ২৮৯৮ এডি’ প্রথম দিনে আয় করেছিল ৯৫ কোটি ৩০ লাখ রুপি। এসব ছবির প্রথম দিনের আয়কেই পেছনে ফেলেছে ‘টক্সিক’।

আরও পড়ুন

প্রথম দিনেই ১০০ কোটি পার
বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে ‘টক্সিক’। স্যাকনিল্ক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে ছবিটির আয় হয়েছে ১০১ কোটি ১০ লাখ রুপি। এটিই ছবিটির মোট আয়। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ৫৫ কোটি রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে ২৩ কোটি ৩০ লাখ রুপি। তেলেগু সংস্করণ থেকে এসেছে ১৬ কোটি রুপি। তামিল সংস্করণে আয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি এবং মালয়ালম সংস্করণ থেকে এসেছে ১ কোটি ৩০ লাখ রুপি।

বিশ্বজুড়ে দাপট
ভারতের বক্স অফিসে ভালো ব্যবসার পাশাপাশি বিশ্বজুড়েও দারুণ আয় করেছে ‘টক্সিক’। বিদেশের মাটিতেও গীতু মোহনদাস পরিচালিত ছবিটি দারুণ দাপট দেখাচ্ছে। ভারতে ছবিটির মোট আয় বা গ্রস কালেকশন ১২০ কোটি ৭৫ লাখ রুপি। ভারতের বাইরে বা বিদেশের বাজার থেকে ছবিটি আয় করেছে ২০ কোটি রুপি। ফলে প্রথম দিনেই ‘টক্সিক’-এর বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৪০ কোটি ৭৫ লাখ রুপি।

আরও পড়ুন
‘আওয়ারাপন ২’ সিনেমায় ইমরান হাশমি ও দিশা পাটানি। এক্স থেকে

লাখের ঘরে ‘আওয়ারাপন ২’
অন্যদিকে ইমরান হাশমি ও দিশা পাটানি অভিনীত ‘আওয়ারাপন ২’-এর আয় দ্বিতীয় বুধবারে অনেকটাই কমে গেছে। মনে করা হচ্ছে, ‘টক্সিক’ মুক্তির প্রভাব পড়েছে ছবিটির বক্স অফিস ব্যবসায়। প্রথম সপ্তাহে ‘আওয়ারাপন ২’ আয় করেছিল ১১৩ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় মঙ্গলবার ছবিটি আয় করেছিল ৩ কোটি ৭৫ লাখ রুপি। কিন্তু দ্বিতীয় বুধবারে ছবিটির আয় নেমে এসেছে মাত্র ৯০ লাখ রুপিতে। সব মিলিয়ে ছবিটির মোট আয় এখন ১৪৩ কোটি ৬৫ লাখ রুপি।

চার বছর পর প্রত্যাবর্তন
যশকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘কেজিএফ ২’–এ। ২০২২ সালে মুক্তি পাওয়া এ ছবির মাধ্যমে যশের তারকাখ্যাতি আরও তুঙ্গে পৌঁছে যায়। এর পর থেকে সিনেমাপ্রেমীরা অপেক্ষায় ছিলেন প্যান ইন্ডিয়া এই তারকার আগামী ছবির। তাই যশের ‘টক্সিক’–এর ঘোষণার পর থেকে ভক্তদের মধ্যে ছবিটিকে ঘিরে দারুণ আগ্রহ নজরে পড়ে। কারণ, এ ছবির মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করবেন যশ। তবে যশের এই অ্যাকশন ড্রামা ছবিকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশা পূরণে ছবিটা অনেকটাই ব্যর্থ। ছবির গল্প, আবেগ, সংলাপ—কোনো কিছুই দর্শকের মন জয় করতে পারেনি। তবে যশের অভিনয় প্রশংসিত হয়েছে। গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে যশ ছাড়া আছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত।

গতকাল ‘ওনাম’ উৎসব ও ছুটির অনেকটাই লাভ উঠিয়েছে ‘টক্সিক’। আগামীকাল ভারতে রাখিবন্ধন উৎসব। তারপর সপ্তাহান্ত শুরু হবে। তাই টানা তিন দিন যশের ছবিটি বক্স অফিসে আরও ঝড় তুলতে পারে বলে বাণিজ্যিক বিশ্লেষকেরা অনুমান করছেন।