সামান্থা কি ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেন

সিনেমার দৃশ্যে সামান্থা। আইএমডিবি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা যেমন আসে, তেমনি আসে কটূক্তিও। কিন্তু সেগুলোকে কীভাবে সামাল দেন? সেই প্রশ্নের জবাবেই একেবারে খোলামেলা হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

আজ রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের সঙ্গে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নেন সামান্থা। ব্যক্তিগত জীবন, স্বাস্থ্য, আসন্ন ছবি—সব বিষয়েই প্রশ্নের উত্তর দেন তিনি। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রল বা নেতিবাচক মন্তব্য নিয়ে তাঁর অবস্থান।

এক ভক্ত জানতে চেয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক অথবা নেতিবাচক মন্তব্য পড়ে তাঁর কেমন লাগে। উত্তরে সামান্থা লিখেছেন, ‘প্রশংসা আমাকে নাড়া দেয় না। ট্রলও না। কিন্তু যদি আমার ঘরে নেতিবাচকতা নিয়ে আসেন, আমি আপনাকে ব্লক করব। যেমন আমি আমার ঘর পরিষ্কার রাখি, তেমনি এটাও (ইনস্টাগ্রাম) পরিষ্কার রাখি। ব্লক করা মানে আপনি আমাকে প্রভাবিত করেছেন, তা নয়। এর মানে, এখানে আপনাকে স্বাগত নয়।’

এই বক্তব্যে স্পষ্ট, সামাজিক যোগাযোগমাধ্যমকে সামান্থা নিজের ব্যক্তিগত পরিসরের অংশ হিসেবেই দেখেন। সেখানে মানসিক শান্তি নষ্ট হয়, এমন কাউকে জায়গা দিতে নারাজ তিনি।

সামান্থা রুথ প্রভু। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আরেক ভক্তের প্রশ্ন ছিল, ইনস্টাগ্রামে একের পর এক রিলস দেখে সময় নষ্ট করা—থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়? সামান্থার জবাব ছিল আত্মসমালোচনামূলক।
সামান্থা লেখেন, ‘এটা আমাকে ভয় দেখায়। ছোটবেলায় আমি পড়ার জন্য সময়সূচি বানিয়ে মনোযোগ ধরে রাখতে পারতাম। এখন সেই পেশিটা আছে কি না জানি না। রিলস যে ফোমো (ফিয়ার অব মিসিং আউট) তৈরি করে, সেটা ভয়ংকর। তাই আমি ইনস্টাগ্রাম লক করি, দীর্ঘ আকারের বই পড়ি, এক ঘণ্টার পডকাস্ট শুনি এবং ইচ্ছাকৃতভাবে একঘেয়েমি বেছে নিই। আমাদের সবারই কিছু নিয়ম দরকার।’
অর্থাৎ প্রযুক্তিনির্ভর জীবনে সচেতন নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথাই মনে করিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন

পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সামান্থা। তাঁর নতুন তেলেগু অ্যাকশন-ড্রামা ‘মা ইনতি বানগারাম’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ মে। ছবিটি প্রযোজনা করছেন তাঁর স্বামী রাজ নিধুমুরু, সামান্থা ও হিমানক দুব্বুরু। পরিচালনায় রয়েছেন নন্দিনী রেড্ডি—যাঁর সঙ্গে এর আগে ‘ওহ বেবি’ ছবিতে কাজ করে সাফল্য পেয়েছিলেন সামান্থা। এ ছাড়া রাজ ও ডি কে জুটির সঙ্গে ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ নিয়েও কাজ করছেন তিনি।
গত ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে ঘনিষ্ঠ আয়োজনে রাজ নিধুমুরুকে বিয়ে করেন সামান্থা।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

সামান্থা রুথ প্রভু। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে