অডিশনে আপত্তি, হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা

দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কিছুদিন আগেই চাউর হয় এমি পুরস্কারজয়ী এইচবিওর সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’–এ অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। তবে নতুন খবর সিরিজটিতে থাকা হচ্ছে না ভারতীয় অভিনেত্রীর। অডিশন–প্রক্রিয়ায় অংশ নিতে অনীহার কারণেই নাকি প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী।

একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটির নির্মাতারা কাস্টিংয়ের ক্ষেত্রে অডিশনকে বাধ্যতামূলক রাখেন। তবে দীপিকা অডিশন দিতে আগ্রহী ছিলেন না। ফলে আলোচনাটি আর এগোয়নি।

আগেও এসেছিল প্রস্তাব

এটি প্রথম নয়। জানা গেছে, তৃতীয় মৌসুমের সময়ও দীপিকাকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন নির্মাতারা। কিন্তু সে সময় তিনি অন্তঃসত্ত্বা থাকায় কাজটি বাস্তবায়িত হয়নি। বর্তমানে চতুর্থ মৌসুমের প্রস্তুতি চলার মধ্যেই আবার যোগাযোগ করা হয়েছিল। তবে এবারও সহযোগিতা হলো না।

‘দ্য হোয়াইট লোটাস’ নির্মাণ করেছেন মাইক হোয়াইট। সামাজিক ব্যঙ্গ, সম্পর্কের জটিলতা ও ক্ষমতার রাজনীতি নিয়ে নির্মিত এই সিরিজ বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।

দীপিকা পাড়ুকোন। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

হলিউডে ফেরার সম্ভাবনা?
দীপিকার হলিউড অভিষেক হয়েছিল ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন ভিন ডিজেল। এরপর আর কোনো বড় আন্তর্জাতিক প্রজেক্টে তাঁকে দেখা যায়নি। ফলে ‘দ্য হোয়াইট লোটাস’-এ যুক্ত হওয়ার সম্ভাবনাকে ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছিল।

‘স্পিরিট’ ও ‘কাল্কি’ নিয়েও সরে দাঁড়ানো
গত এক বছরে একাধিক বড় প্রকল্প থেকেও সরে দাঁড়ানোর খবর শিরোনাম হয়েছে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও নাগ অশ্বিনের ‘কাল্কি’র সিকুয়েল—দুটো নিয়েই আলোচনা ছিল।

দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘স্পিরিট’ ছবির ক্ষেত্রে শোনা যায়, আট ঘণ্টার কর্মদিবস, বেশি পারিশ্রমিক ও লাভের অংশীদারত্ব—এমন কিছু শর্ত দিয়েছিলেন দীপিকা, যা নির্মাতাদের সঙ্গে মেলেনি। একইভাবে ‘কল্কি ২’-তেও তাঁকে দেখা যাবে না বলে খবর।

নিজের শর্তেই কাজ
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ বেছে নেওয়ার মানদণ্ড নিয়ে খোলামেলা কথা বলেছেন দীপিকা। তাঁর ভাষায়, ‘যে কাজ আমার কাছে সত্য মনে হয় না, তা করি না। শুধু অর্থ দিয়ে আমাকে রাজি করানো যায় না। আবার বাণিজ্যিকভাবে বড় না হলেও, যদি গল্প বা মানুষগুলোতে বিশ্বাস থাকে, আমি পাশে থাকি।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে নিজের সিদ্ধান্তে স্পষ্টতা এসেছে। ভবিষ্যতে হয়তো আজকের কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলবেন, কিন্তু এই মুহূর্তে সেগুলো তাঁর কাছে সৎ বলেই মনে হচ্ছে।

সামনে কী
দীপিকাকে পরবর্তী সময়ে দেখা যাবে ‘কিং’ ছবিতে। পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ। সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, সুহানা খান; ছবিটি মুক্তির কথা রয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে। এ ছাড়া পরিচালক অ্যাটলির নতুন ছবিতেও কাজ করছেন তিনি, যেখানে আছেন আল্লু অর্জুন।