‘পরের গুলিটা বেডরুমে ঢুকে বুকে গিয়ে লাগবে’
মুম্বাইয়ের জুহু এলাকায় পরিচালক রোহিত শেঠির বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। শুধু দায় স্বীকারই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি হত্যার হুমকিও দিয়েছে এই গ্যাং। ঘটনাটি ঘিরে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে একটার মধ্যে রোহিত শেঠির জুহুর বাসভবনের বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি ওই আবাসনের জিমের কাচের দেয়ালে গিয়ে লাগে। এ ঘটনায় কেউ আহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। নিরাপত্তা জোরদার করা হয় আশপাশের এলাকায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শুভম লোঙ্কের’ নামে একটি অ্যাকাউন্ট থেকে গুলিবর্ষণের দায় স্বীকার করে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘আজ আমরা পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করছি।’ পোস্টে আরও হুমকি দিয়ে বলা হয়, ‘এটা ছিল শুধু একটা ঝলক। কথা না শুনলে পরের গুলিটা বাড়ির বাইরে নয়, বেডরুমে ঢুকবে আর বুকে গিয়ে লাগবে।’
এই হুমকিমূলক পোস্টে পুরো বলিউডের প্রতিও সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, পোস্টগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সাইবার সেল কাজ করছে।
ঘটনার তদন্তে রোববার পুণের ধয়ারী ও কার্ভেনগর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁরা হলেন আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০), সমর্থ শিবশরণ পোমাজি (১৮) ও স্বপ্নীল সকত (২৩)। তাঁদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের সঙ্গে মুম্বাইয়ের ঘটনার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
এর আগেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ২০২৪ সালের এপ্রিলে মুম্বাইয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনাতেও এই গ্যাংয়ের নাম উঠে আসে।
একই বছরের অক্টোবরে প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছিল এই গোষ্ঠী। এ ছাড়া অভিনেত্রী দিশা পাটানি, ইউটিউবার এলভিশ যাদব এবং বিদেশে কয়েকজন ভারতীয় শিল্পীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে।
রোহিত শেঠির বাড়ির বাইরে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার পেছনের উদ্দেশ্য ও নেটওয়ার্ক শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রোহিত শেঠি।