সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, জিশানের নাম সামনে

সাইফ আলী খান। এএনআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতাদের হুমকি দেওয়ার ঘটনা যেন থামছেই না। এবার প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা সাইফ আলী খান। এই ঘটনায় সামনে এসেছে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে অভিযুক্ত ও পলাতক জিশান আখতারের নাম। তবে সত্যিই জিশান এই হুমকি দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁর নাম ব্যবহার করে হুমকি দিয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হয়নি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে পুলিশ

সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, সাইফকে হুমকি দেওয়ার ঘটনায় জিশান আখতারের নাম উঠে এসেছে। বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত জিশান এখনো পুলিশের খাতায় পলাতক। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে মুম্বাই পুলিশ। হুমকির সত্যতা যাচাইয়ের পাশাপাশি এর সঙ্গে যুক্ত ডিজিটাল তথ্যপ্রমাণও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাইফ আলী খান।

সাইফ আলী খান। এএনআই

তুষার ও আয়ুষ্মানকেও হুমকি
এর আগেও বলিউডের একাধিক অভিনেতা হুমকির বার্তা ও অডিও ক্লিপ পেয়েছেন। সম্প্রতি অভিনেতা তুষার কাপুর এবং আয়ুষ্মান খুরানাকে হুমকি দেওয়ার ঘটনাও বেশ আলোচনায় আসে। এই ঘটনাগুলোর তদন্ত করতে গিয়ে মুম্বাই পুলিশ বেঙ্গালুরু থেকে ৩০ বছর বয়সী বৈভব মিশ্র নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়ে অভিনেতাদের ভয় দেখানোর এবং তাঁদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। তবে প্রাথমিক তদন্তে কোনো গ্যাংয়ের সঙ্গে তাঁর যোগসাজশের প্রমাণ পাওয়া যায়নি।

সাইফ আলী খান। এএনআই

তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার বৈভব?
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈভব মিশ্র পেশায় একজন তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার। পুলিশের সন্দেহ, অভিনেতাদের হুমকি দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে কণ্ঠস্বর তৈরি করেছিলেন তিনি। অনলাইনে খোঁজাখুঁজি করে অভিনেতাদের যোগাযোগের নম্বর সংগ্রহ করেন বৈভব। এরপর তাঁদের হুমকির বার্তা পাঠান।

তুষার কাপুরকে পাঠানো একটি অডিও বার্তায় পাঁচ কোটি রুপি দাবি করা হয়েছিল বলে অভিযোগ। বার্তাটি যিনি পাঠিয়েছিলেন, তিনি নিজেকে গ্যাংস্টার হ্যারি বক্সার বলে পরিচয় দিয়েছিলেন। তবে পুলিশের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে দেখা যায়, ওই অডিওর কণ্ঠস্বর হ্যারি বক্সারের কণ্ঠস্বরের সঙ্গে মেলেনি।

আরও পড়ুন

অমিতাভ বচ্চন ও অভিষেককেও প্রাণনাশের হুমকি
কয়েক দিন আগেই অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত সোমবার গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ অনলাইনে একটি পোস্ট করে তাঁদের হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে একাধিক দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, দিল্লি পুলিশ তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করলেও মুম্বাইয়ে অভিনেতাকে নিশানা করার পরিকল্পনায় কোনো প্রভাব পড়েনি।
দিল্লি পুলিশের বিশেষ শাখা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত সন্দেহে দুই শুটারকে গ্রেপ্তার করার পরই অমিতাভের কাছে এই হুমকি আসে। তদন্তকারীদের সন্দেহ, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি জলসার বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে ওই দুজন যুক্ত ছিলেন।