এবার কোন কৌশলে হত্যার মামলা থেকে পরিবারকে বাঁচাবেন বিজয়
নিজের পরিবারকে বাঁচাতে এক গৃহকর্তার কৌশলের কাছে নাস্তানাবুদ দুঁদে পুলিশ কর্মকর্তা—এমন গল্প নিয়ে ভারতজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘দৃশ্যম’। এক পুলিশ কর্মকর্তার ছেলের হত্যার সঙ্গে বিজয় সালগাওকরের পরিবারের জড়িয়ে পড়া নিয়ে ঘটনার সূত্রপাত। কিন্তু লাশ খুঁজে না পেলে এই রহস্যের কূলকিনারা করতে পারে না পুলিশ। অবশেষে এই হত্যার ফাইল বন্ধ হয়ে যায়। কিন্তু এর পর কী হয়? সেটা নিয়েই হাজির হচ্ছে ‘দৃশ্যম ২’। আগামীকাল মুক্তি পাবে এই হিন্দি সিনেমাটি।
২০১৫ সালের ‘দৃশ্যম’ ছবিতে পুলিশকে ঘোল খাইয়ে ক্লাস ফাইভ পাস করা বিজয় সালগাওকর জায়গা করে নেয় দর্শকের মনে। এরপর কী ঘটেছে, তা জানার জন্য দর্শককে অপেক্ষা করতে হয়েছে সাত বছর। এরপরের ঘটনা জানতে দর্শক যে কতটা আগ্রহী, তা বোঝা যায় ছবিটির অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান দেখলে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার বিকেল পর্যন্ত ছবির প্রায় ৭৭ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে; যা বলিউডের ‘যুগ যুগ জিও’, ‘গাঙ্গুবাই’, ‘বিক্রম ভেদা’, ‘লাল সিং চাড্ডা’–এর মতো ছবির অগ্রিম বিক্রীত টিকিটের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বক্স অফিস বিশেষজ্ঞদের ধারণা, চলতি বছর বলিউডের সবচেয়ে বড় হিট ছবি হতে চলেছে ‘দৃশ্যম ২’।
‘দৃশ্যম’ পরিচালনা করেছেন নিশিকান্ত কামাত। ২০২০ সালে এই পরিচালক মারা যাওয়ায় সিকুয়েল পরিচালনার দায়িত্ব পান অভিষেক পাঠক। ৫০ কোটি বাজেটের এই ছবির শুটিং শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। সিকুয়েলে বন্ধ হয়ে যাওয়া সেই কেস আবারও খোলা হবে। এবার কি পারবে বিজয় সালগাওকর তাঁর পরিবারকে বাঁচাতে? তা জানতে দর্শকের যে অপেক্ষা, তার অবসান ঘটবে আগামীকাল।
‘দৃশ্যম’-এর মতো সিকুয়েলেও অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তা প্রমুখকে। এদের পাশাপাশি সিকুয়েলে নতুন সংযোজন অক্ষয় খান্না। ‘দৃশ্যম’ একই নামের মালায়লাম ছবির হিন্দি রিমেক। একইভাবে মালায়লাম ‘দৃশ্যম ২’–এর রিমেক ছবিটি। মালায়লাম ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল। জানা গেছে, রিমেক হলেও মালায়লাম ছবি থেকে কিছুটা আলাদা হবে হিন্দি ‘দৃশ্যম ২’।