সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

রণবীর ও অনীত। কোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৬ সালের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসের (ডিপিআইএফএফ) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের পুরস্কারের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউডের একাধিক তারকা। সেরা সিনেমার পুরস্কার পেয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনীত পাড্ডা।

ডিপিআইএফএফ কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ীদের নাম প্রকাশ করে। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। ‘ধুরন্ধর’ ছবির প্রযোজনার জন্য সেরা প্রযোজকের সম্মান পেয়েছেন আদিত্য ধর, জ্যোতি দেশপান্ডে এবং লোকেশ ধর। ছবিতে অভিনয়ের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন অক্ষয় খান্নাও।
সমালোচকদের বিচারে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’। এই ছবিতে অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋষভ শেঠি। একই বিভাগে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন ইয়ামি গৌতম ধর।

সংগীতের বিভাগেও পুরস্কার পেয়েছে ‘সাইয়ারা’। ছবিটির গান নির্বাচিত হয়েছে বর্ষসেরা গান হিসেবে। সংগীতজগতে অসামান্য অবদানের জন্য সম্মানিত হয়েছেন ইলাইয়ারাজা। অন্যদিকে হাস্যরসাত্মক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রীতেশ দেশমুখ। বর্ষসেরা কমেডিয়ানের সম্মান পেয়েছেন সময় রায়না।

‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ সিনেমার দৃশ্যে রণবীর সিং। আইএমডিবি

চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন দক্ষিণি সুপারস্টার কমল হাসান। টেলিভিশন এবং ওয়েব সিরিজের বিভাগেও একাধিক পুরস্কার পেয়েছেন শিল্পীরা। ‘কিউকি সাস ভি কভি বহু থি ২’ ধারাবাহিকে অভিনয়ের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন স্মৃতি ইরানি। বর্ষসেরা টেলিভিশন সিরিজ নির্বাচিত হয়েছে ‘তারক মেহতা কা উলটা চশমা’।

‘দ্য ব্যাডস অব বলিউড’ পেয়েছে সেরা ওয়েব সিরিজের পুরস্কার। এই সিরিজের পরিচালক হিসেবে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন আরিয়ান খান। ওয়েব সিরিজে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘পাতাল লোক’-এর জয়দীপ আহলাওয়াত। ‘দিল্লি ক্রাইম ৩’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শেফালি শাহ।

কমল হাসান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন

আন্তর্জাতিক বিভাগেও ছিল একাধিক পুরস্কার। বর্ষসেরা আন্তর্জাতিক শিল্পী নির্বাচিত হয়েছেন পপ তারকা টেলর সুইফট। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সম্মানিত হয়েছেন হলিউডের পরিচালক জেমস ক্যামেরন। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

ভারত সরকারের দেওয়া দাদাসাহেব ফালকে পুরস্কার এবং দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস এক নয়। দুটি আলাদা স্বীকৃতি। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস একটি বেসরকারি উদ্যোগ। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন, সংগীত এবং ডিজিটাল বিনোদনজগতের কাজকেও এই মঞ্চে স্বীকৃতি দেওয়া হয়।