বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি

অমিতাভ বচ্চন থাকেন জলসায়। কোলাজ

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। একই ই-মেইলে গায়ক দিলজিৎ দোসাঞ্জের মুম্বাইয়ের কনসার্টেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ সকালে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও অন্য কর্মকর্তাদের কাছে পাঠানো ই-মেইলটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।
আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিতের কনসার্ট হওয়ার কথা। হুমকির ই-মেইলে ওই দিন সেখানে বোমা বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন
প্রতি রোববার অমিতাভ বচ্চন ‘জলসা’র উঠানে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন
ফাইল ছবি

ই-মেইলে কী বলা হয়েছে
আজ শুক্রবার বেলা ১১টা ৩১ মিনিটে পাঠানো ই-মেইলে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়ে বোমা বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়। পাশাপাশি ৩১ অক্টোবর শহরের একটি স্কুলে গ্রেনেড হামলার কথা উল্লেখ করা হয়েছে। ই-মেইলে খালিস্তানপন্থী স্লোগানও ছিল। মুম্বাই পুলিশের জোন-১-এর উপকমিশনার মনীশ কালওয়ানিয়া জানিয়েছেন, বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) কার্যালয়ে একটি হুমকিমূলক ই-মেইল এসেছিল। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। দাদর এলাকার কয়েকটি স্কুলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

আগেও এসেছিল হুমকির ই-মেইল

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এর আগে গত ২০ মার্চ মুম্বাই প্রেসক্লাবেও একই ধরনের হুমকিমূলক ই-মেইল এসেছিল। সেখানে দাবি করা হয়, ভবনের ভেতরে বিষাক্ত গ্যাসভর্তি একাধিক ছোট বোমা রাখা হয়েছে, যেগুলো বেলা একটায় বিস্ফোরিত হবে।প্রাথমিকভাবে জানা যায়, ‘নিরজা আজমল খান’ নাম ব্যবহার করে ই-মেইলটি পাঠানো হয়েছিল। প্রেরকের দাবি ছিল, প্রেসক্লাব ভবনে বিষাক্ত গ্যাসভর্তি ৪২টি যন্ত্র বসানো হয়েছে। ভবনটি খালি করার আহ্বান জানিয়ে ই-মেইলে বলা হয়, এসব যন্ত্রের উদ্দেশ্য শুধু সম্পত্তির ক্ষতি করা।

সেই ই-মেইলে তামিলনাড়ুর রাজনীতি নিয়েও নানা অভিযোগ তোলা হয়েছিল। উদয়নিধি ও তাঁর পরিবারের বিরুদ্ধে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করার অভিযোগ করেন প্রেরক। ডিএমকেকে সমর্থন করা নেতাদের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) গ্রেপ্তারের অভিযোগও তোলা হয়। প্রেরকের আরও দাবি ছিল, বিষয়টি প্রকাশ্যে আনার চেষ্টায় তামিলনাড়ুর সংবাদমাধ্যমের বাধা পেয়ে তাঁরা অন্য রাজ্যে এসেছিলেন।