হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে এসেছিলেন কন্নড় অভিনেত্রী রচিতা রাম। হাসিমুখে ছবি তুলছিলেন। এর মধ্যেই এক ভক্তের আচরণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।
সেলফি তোলার পর ওই ব্যক্তি রচিতা রামের গাল টেনে দেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
৩ অক্টোবর ৩৫তম জন্মদিন উদ্যাপন করেন রচিতা রাম। এদিন বেঙ্গালুরুর বাড়ির বাইরে জড়ো হন তাঁর ভক্তরা।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রচিতা রামের সঙ্গে সেলফি তুলছেন। ছবি তোলার পর চলে যাওয়ার সময় হঠাৎ তাঁর গাল টেনে দেন ওই ব্যক্তি। আচমকা এমন ঘটনায় কিছুটা চমকে যান অভিনেত্রী।
তবে দ্রুত নিজেকে সামলে নেন। এরপরও ভক্তদের সঙ্গে ছবি তোলা চালিয়ে যান তিনি।
ভক্তের আচরণ নিয়ে প্রশ্ন
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ওই ভক্তের আচরণের সমালোচনা করেছেন। তাঁদের মতে, কারও অনুমতি ছাড়া তাঁকে স্পর্শ করা ঠিক নয়।
একজন লিখেছেন, ‘অনুমতি ছাড়া কাউকে স্পর্শ করা কী ধরনের আচরণ?’
আরেকজনের মন্তব্য, ‘তিনি হয়তো হাসছিলেন বা সাহসী থাকার চেষ্টা করছিলেন। কিন্তু ভেতরে–ভেতরে অস্বস্তিতে পড়তে পারেন। ভক্তদের ব্যক্তিগত সীমারেখা সম্মান করা উচিত।’
আরেকজন লিখেছেন, নারী বা পুরুষ—বিষয়টি সবার ক্ষেত্রেই একই। অপরিচিত কাউকে অনুমতি ছাড়া স্পর্শ করা উচিত নয়।
তবে কেউ কেউ পরিস্থিতি সামলানোর জন্য রচিতা রামের প্রশংসাও করেছেন। ঘটনার পরও তিনি স্বাভাবিকভাবে ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন।
সামনে কী
‘স্যান্ডালউডের ডিম্পল কুইন’ নামে পরিচিত রচিতা রাম ২০২৬ সালে বেশ ব্যস্ত সময় পার করছেন। এ বছর মুক্তি পেয়েছে তাঁর ‘ল্যান্ডলর্ড’ ও ‘কাল্ট’। আগস্টে মুক্তি পেয়েছে ‘আয়োগ্যা ২’।
২০২৫ সালে রজনীকান্ত অভিনীত ‘কুলি’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয় রচিতা রামের। এর মাধ্যমে দক্ষিণ ভারতের অন্য ভাষার সিনেমাতেও তাঁর পরিচিতি বাড়ে।
রচিতা রামের হাতে এখন বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ক্রিমিনাল’, ‘দালি’, ‘লিলি’, ‘শাবরি সার্চিং ফর রাবণ’, ‘এপ্রিল’ ও ‘লাভ মি অর হেট মি’। চিরঞ্জীবী অভিনীত ‘মেগা ১৫৮’ সিনেমাতেও যুক্ত হয়েছেন তিনি।
৩ অক্টোবর জন্মদিনে নারীপ্রধান একটি নতুন সিনেমায় অভিনয়ের কথা জানিয়েছেন রচিতা। শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
ইন্ডিয়া টুডে অবলম্বনে