ফিরলেন ফেরার মতোই
এক দশক আগে শেষবার পর্দায় দেখা গেছে তাঁকে। এরপর ব্যস্ত হয়ে পড়েন ঘর–সংসার নিয়ে। কয়েক বছর আগে প্রযোজক হিসেবে ফিরলেও পর্দায় জেনেলিয়া ডি’সুজাকে না দেখলে কি আর ভক্তদের মন ভরে। জেনেলিয়া ফিরলেন, সেই ফেরা হলো ফেরার মতোই। এক দশক পর বড় পর্দায় ফিরেই গড়লেন নতুন রেকর্ড।
গত ৩০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মারাঠি সিনেমা ‘বেদ’। মুক্তির প্রথম তিন দিনেই ১০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। কোভিডের পর প্রথম তিন দিনে এটিই মারাঠি সিনেমার সর্বোচ্চ আয়। সব মিলিয়ে প্রথম পাঁচ দিনে আয় দাঁড়িয়েছে ১৫ কোটি রুপির বেশি।
‘বেদ’ জেনেলিয়ার জন্য আবেগের এক নাম—একে তো বছর দশক পর পর্দায় ফেরা; সঙ্গে স্বামী রিতেশ দেশমুখের সঙ্গে অভিনয়। আগে প্রযোজনা করলেও বেদ দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন রিতেশ, সে সিনেমা দিয়ে ফেরাটাকে ‘বিশেষ কিছু’ বলে উল্লেখ করেছেন জেনেলিয়া। বিরতির পর ফেরা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সন্তান সামলানোর জন্য বিরতিটা প্রয়োজন ছিল, তবে ফেরার ভাবনা সব সময়ই মাথায় ছিল। আমি মনে করি, অভিনয়শিল্পী হিসেবে আমার এখনো অনেক কিছু করার সুযোগ আছে।’
এই ‘বেদ’ জেনেলিয়ার কাছে আরেকটি কারণে বিশেষ। মহারাষ্ট্রের মেয়ে হলেও ছবিটি দিয়েই মারাঠি সিনেমায় অভিষেক হচ্ছে তাঁর। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় নানান ভাষার সিনেমা করা হলেও মারাঠি বাকি ছিল। বেদ দিয়ে অভিনেত্রীর সে ইচ্ছাও পূর্ণ হয়েছে। এ প্রসঙ্গে সিনেমাটি মুক্তির আগে তিনি বলেন, ‘বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছি। তবে মহারাষ্ট্রের মেয়ে হিসেবে এই সিনেমা দিয়ে মারাঠিতে অভিষেক হচ্ছে বলে খুব খুশি। দুর্দান্ত একটা চিত্রনাট্য, রিতেশের সঙ্গে আবার কাজ করাটাও সৌভাগ্যের।’
বেদ ২০১৯ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘মাজিলি’র মারাঠি রিমেক।
কাকতালীয়ভাবে মূল তেলেগু সিনেমায় অভিনয় করেন সে সময়ের তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। আগে নিয়মিতই দক্ষিণি সিনেমায় অভিনয় করতেন জেনেলিয়া ডি’সুজা। বিরতিরও পরও সেটি করবেন। কারণ, এর মধ্যেই বেশ কয়েকটি সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যার মধ্যে আছে একটি তেলেগু ও একটি কন্নড় সিনেমা।