রাশমিকা–বিজয়ের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে, ভিডিও ভাইরাল

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানাছবি : ইনস্টাগ্রাম থেকে

রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা দিন দিন আরও জোরালো হচ্ছে। গত বছরের অক্টোবরে তাঁদের বাগ্‌দানের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে একটি ভাইরাল ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে, রাজস্থানের উদয়পুরের ঐতিহাসিক সিটি প্যালেসে তাঁদের বিয়ের প্রস্তুতি চলছে।

সিটি প্যালেসে চলছে সাজসজ্জা?
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, দুই তরুণী সিটি প্যালেস চত্বরে হাঁটছেন এবং সেখানে চলা সাজসজ্জা ও প্রস্তুতির দৃশ্য দেখাচ্ছেন। ভিডিওতে তাঁরা দাবি করেন, রাশমিকা ও বিজয়ের জমকালো বিয়ের জন্যই এই আয়োজন।

ফাঁস হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভেন্যুতে মঞ্চ তৈরি হচ্ছে, ফুলের সাজ চলছে এবং নানা ধরনের নির্মাণ ও ডেকোরেশনের কাজ চলমান। মেঝেতে সারি সারি ঝাড়বাতি (চ্যান্ডেলিয়ার) রাখা রয়েছে, যা শিগগিরই স্থাপন করা হবে বলে মনে হচ্ছে। এরপর ক্যামেরা ঘুরিয়ে একটি বড় ও সাজানো মঞ্চের দিকে ফোকাস করে, যেটিকে তাঁরা বহুল আলোচিত এই বিয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে দাবি করেন।

ভিডিওতে তাঁদের বলতে শোনা যায়, ‘আমরা আপনাদের একটি আপডেট দিচ্ছি। আমরা এখন উদয়পুরের সিটি প্যালেসে আছি। এখানে সাজসজ্জা চলছে। আমরা জানতে পেরেছি, এখানে কারও বিয়ে হচ্ছে। আর সেটা কে হতে পারে? রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তাঁরা বিয়ে করছেন। আমি আপনাদের ডেকোরেশন দেখাচ্ছি। এটা এক্সক্লুসিভ খবর। ২ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে।’

সিনেমার দৃশ্যে রাশমিকা ও বিজয়। আইএমডিবি

ফেব্রুয়ারিতেই বিয়ে? ঘনিষ্ঠ সূত্রের দাবি
অক্টোবরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোপনে বাগ্‌দান সেরে নেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল, ফেব্রুয়ারিতেই তাঁরা পরবর্তী ধাপে যেতে পারেন। হিন্দুস্তান টাইমসের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রাশমিকা ও বিজয়ের বিয়ে উদয়পুরের একটি প্রাসাদে হওয়ার কথা।

সূত্রের ভাষ্য, ‘রাশমিকা ও বিজয়ের বিয়ের আয়োজন উদয়পুরের একটি প্যালেসে করা হচ্ছে। বাগ্‌দানের মতোই, বিয়েটিও খুব ঘনিষ্ঠ পরিসরে করার পরিকল্পনা রয়েছে, যেখানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।’

প্রেম থেকে বাগ্‌দান
রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা প্রথম একসঙ্গে কাজ করেন ‘গীতা গোবিন্দাম’ ও পরে ‘ডিয়ার কমরেড’ ছবিতে। এর পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়।

গত বছরের ৩ অক্টোবর, দশেরার পরদিন, হায়দরাবাদে তাঁরা আংটি বদল করেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তাঁদের সম্পর্ক বা বিয়ের পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে তাঁরা কিছু বলেননি।

আরও পড়ুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকাকে যখন বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে চলা গুজব, সম্ভাব্য তারিখ ও ভেন্যু সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি বলেন, ‘এই গুজব তো প্রায় চার বছর ধরে চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বারবার করছে। সবাই একই জিনিসের জন্য অপেক্ষা করছে।’

বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসার পর, রাশমিকা ও বিজয়কে আংটি পরা অবস্থায় একাধিক অনুষ্ঠানে দেখা গেছে। তাঁরা নিউইয়র্কে ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে নেতৃত্ব দেন; একটি অনুষ্ঠানেও অংশ নেন। এ ছাড়া নতুন বছর উপলক্ষে তাঁরা বন্ধুদের সঙ্গে একসঙ্গে ছুটিও কাটিয়েছেন।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে