অভিনেত্রীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার ৩
কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী বসন্তর এআইনির্ভর ভুয়া ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু সাইবার ক্রাইম পুলিশ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রুক্মিণী বসন্তর নামে কিছু বিকৃত এবং কৃত্রিমভাবে তৈরি করা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ছবিতে তাঁকে বিকিনি পরা অবস্থায় দেখানো হয় এবং দাবি করা হয়, সেগুলো কোনো চলচ্চিত্রের শুটিংয়ের দৃশ্য। পরে অভিনেত্রী স্পষ্ট করেন, ছবিগুলো সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—২৪ বছর বয়সী রবিকুমার, ৩৩ বছর বয়সী চন্দ্রকান্ত এবং ২৫ বছর বয়সী রঞ্জিত। তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে, যেগুলো ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি ও ছড়ানো হয়েছে বলে অভিযোগ।
অভিযুক্ত ব্যক্তিদের আদালতে হাজির করা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়। ভারতের তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায়সংহিতার বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না।
গত মাসে রুক্মিণী বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে তিনি লিখেছিলেন, ‘আমার নামে যে এআই-তৈরি ছবি ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া ও মনগড়া। এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
রুক্মিণী আরও বলেন, এসব ছবি তাঁর ব্যক্তিগত গোপনীয়তার মারাত্মক লঙ্ঘন এবং এর পেছনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ও সাইবার অপরাধসংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে।
রুক্মিণী বর্তমানে কন্নড় সিনেমার অন্যতম সম্ভাবনাময় তারকা। ‘সাপতা সাগারাডাছে এলো’ ছবির মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ানো এই অভিনেত্রীকে শিগগিরই ‘টক্সিক’ সিনেমায় যশের বিপরীতে দেখা যাবে। এ ছাড়া ‘ড্রাগন’ ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গেও দেখা যাবে তাঁকে। গত বছর বহুল চর্চিত ‘কানতারা’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন রুক্মিণী।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে