‘ডন ৩’ নিয়ে তুমুল বিতর্ক, সমাধানে মাঠে নামলেন আমির
‘ধুরন্ধর’ সিনেমার ব্যাপক সাফল্যের পর ফারহান আখতারের ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। যদিও ‘চাহিদা’র জেরে অভিনেতাকে ছাঁটাই করা হয়েছে, নাকি চিত্রনাট্য নাপছন্দ হওয়ায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, সে তত্ত্ব নিয়ে এখনো বিতর্ক চলছে। এ অবস্থায় মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার। যদিও ‘প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া’র বৈঠকে ‘সেই টাকা দেওয়া আমার দায় নয়’ বলে সরে গিয়েছেন রণবীর সিং। তবে এবার খবর, ফারহান-রণবীরের ঝগড়া নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যে মধ্যস্থতা করতে মাঠে নেমেছেন হিন্দি সিনেইন্ডাস্ট্রির অন্যতম ‘অভিভাবক’ আমির খান।
সূত্রের খবর, সম্প্রতি আমির খানের বান্দ্রার বাংলোয় এক সন্ধ্যাকালীন বৈঠক হয়। রুদ্ধদ্বার সেই বৈঠকের উপলক্ষই ছিল রণবীর সিং ও ফারহান আখতারের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, আলোচনার মাধ্যমে তার সমাধান করা। জানা যায়, আমিরের বাড়ির সেই বৈঠকে উপস্থিত ছিলেন করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা, একতা কাপুর, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি, জোয়া আখতার এবং জি এন্টারটেইনমেন্টের এমডি ও সিইও পুনিত গোয়েঙ্কা।
যদিও অতিথি তালিকা দেখে বলিপাড়ার অনেকেরই ভ্রু-যুগল আন্দোলিত হয়েছে। প্রথমটায় অনেকেই মনে করেছিলেন, বলিউড সম্ভবত সংশ্লিষ্ট ইস্যুতে রণবীরের বিরুদ্ধে একজোট হচ্ছে! তবে সূত্রের খবর, এই বৈঠকে রণবীর-ফারহানের ঝামেলা কীভাবে মেটানো যায়, সেই বিষয়েই জোর দেওয়া হয়েছে। এবার কি সমস্যা মিটল?
বৈঠকে উপস্থিত একটি সূত্র বলছে, ‘রণবীর সিং ও এক্সেল এন্টারটেইনমেন্টের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করছেন আমির খান। দুজনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমিরের বাড়িতে সেটাই আলোচনা হলো।’ যদিও এই সমস্যা এখনই মিটবে কি না? সেই ধোঁয়াশা রয়েছে।
ফারহানের প্রযোজনা সংস্থার দাবি, বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রিপ্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। এমনকী ‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার।
কিন্তু আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন, যার জন্য নতুন দিনক্ষণও ঠিক করে ফেলেছেন অভিনেতা। রণবীর নাকি একাধিকবার চিত্রনাট্য পরিবর্তন করিয়েছেন এবং পরবর্তী সময়ে চূড়ান্ত খসড়া দেখেও তাঁর পছন্দ হয়নি।
এরপর ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ান তিনি। সেই পরিপ্রেক্ষিতেই রণবীর সিংয়ের কাছ থেকে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে বসেছেন ফারহান-রীতেশ। এদিকে প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়ার বৈঠকে রণবীর সিং এ প্রসঙ্গে যুক্তি দিয়েছেন, সঞ্জয় লীলা বনসালির ‘বৈজু বাওরা’ ছবির জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলেন। অন্য কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। অনেক প্রস্তাব ফিরিয়েছেন। কিন্তু পরবর্তীকালে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। সে ক্ষেত্রে দীর্ঘ সময় সেই ছবিতে ব্যয় করার পরও বনসালির থেকে কোনো ক্ষতিপূরণ দাবি করেননি। তাই এ ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়ার দায় তাঁর নয়।
মিড ডে অবলম্বনে