অদিতি–সিদ্ধার্থর অন্তরঙ্গ দৃশ্যে বডি ডাবল ব্যবহার না করার কারণ জানালেন পরিচালক

‘লাস্ট স্টোরিজ ৩’–এ অদিতি ও সিদ্ধার্থ। আইএমডিবি

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের অস্বস্তি নতুন কিছু নয়। তবে একসময় এমন দৃশ্য ধারণের আগে নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিজেদের মধ্যেই অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলতে হতো। ফলে পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে উঠত। এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজ।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এর নিজের অংশ নিয়ে কথা বলার সময় পুরোনো সেই অভিজ্ঞতা সামনে আনেন বিশাল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিশাল জানান, এখন শুটিংয়ের পরিবেশ অনেকটাই বদলেছে। বিশেষ করে অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে ‘ইন্টিমেসি ডিরেক্টর’ বা ঘনিষ্ঠ দৃশ্যের সমন্বয়কের উপস্থিতি অভিনেতা ও নির্মাতাদের জন্য কাজটি অনেক সহজ করে দিয়েছে।

বিশালের ভাষায়, এই পেশাজীবীরা সেটে এমন দৃশ্যের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে অভিনেতাদের নিজেদের মধ্যে সরাসরি অস্বস্তিকর আলোচনা করতে হয় না। বিশাল বলেন, ইন্টিমেসি ডিরেক্টররা ‘সেটে জীবনকে অনেক স্বস্তিদায়ক করে তুলেছেন’।

‘লাস্ট স্টোরিজ ৩’-এ বিশালের অংশে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। বাস্তব জীবনেও তাঁরা দম্পতি। ফলে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় তাঁদের মধ্যে স্বচ্ছন্দ সম্পর্ক থাকায় বাড়তি অস্বস্তি অনেকটাই কমে গিয়েছিল বলে জানান নির্মাতা।

‘লাস্ট স্টোরিজ ৩’–এ অদিতি ও সিদ্ধার্থ। আইএমডিবি

বিশাল বলেন, ‘তাঁরা দুজন একে অপরের সঙ্গে খুব স্বচ্ছন্দ ছিলেন। অবশ্যই। কারণ, তাঁরা স্বামী-স্ত্রী। ফলে অস্বস্তির ৫০ শতাংশ এমনিতেই কমে গিয়েছিল।’
শুটিংয়ের আরেকটি মজার ঘটনাও জানান বিশাল। একটি দৃশ্যে ক্যামেরা ছিল অদিতির পায়ের ওপর আর সিদ্ধার্থকে হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছিল। ওই দৃশ্যের জন্য দুজনেরই বডি ডাবল বা বিকল্প শিল্পী রাখা হয়েছিল। কিন্তু অদিতি দৃশ্যটি দেখে নিজেই শুট করার সিদ্ধান্ত নেন।

বিশাল বলেন, ‘দুজনের জন্যই ডাবল ছিল। একটি দৃশ্যে ক্যামেরা ছিল তাঁর পায়ের ওপর আর সিদ্ধার্থকে হামাগুড়ি দিতে হচ্ছিল। অদিতি সেটা দেখে বললেন, “কিন্তু আমার পা তো এত মোটা নয়!”’ এরপর অদিতি নিজেই দৃশ্যটি করার জন্য জোর দেন। সিদ্ধার্থও নিজের অংশে অভিনয় করেন।

আরও পড়ুন

‘লাস্ট স্টোরিজ ৩’ নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানথোলজি সিরিজের তৃতীয় কিস্তি। চারটি আলাদা গল্প নিয়ে নির্মিত এই ছবির চারটি অংশ পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ।
ছবিতে অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ ছাড়াও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কঙ্কণা সেন শর্মা, বিজয় ভার্মা, আলী ফজল ও রাধিকা মদন।