জর্জকুট্টির পরিবার ফিরেই বাজিমাত, কত আয় করল ‘দৃশ্যম ৩’
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ, একজন সাধারণ কেব্ল ব্যবসায়ী। কিন্তু পরিবারকে বাঁচাতে তাঁর বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কম মানুষই।
ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা ‘দৃশ্যম ৩’ মুক্তি পেয়েছে ২১ মে। রোববার সিনেমাটির বৈশ্বিক আয় ১৪১ কোটি ৩৪ লাখ রুপিতে পৌঁছেছে।
ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির চতুর্থ দিন রোববার সিনেমাটি ভারতে ১৩ কোটি ৯৫ লাখ রুপি আয় করেছে। এ নিয়ে দেশটিতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৫ লাখ রুপি।
সিনেমাটির সবচেয়ে বড় বাজার ছিল কেরলম। রোববার শুধু এই রাজ্য থেকেই এসেছে ৯ কোটি ৭০ লাখ রুপি। এর আগের দিন শনিবার ভারতে সিনেমাটির আয় ছিল ১৩ কোটি ৭০ লাখ রুপি। ফলে রোববারের আয় সামান্য হলেও বেড়েছে।
সব ভাষার মধ্যে মালয়ালম সংস্করণই সবচেয়ে বেশি আয় করেছে। ৩ হাজার ১৮৬টি শো থেকে সংস্করণটি আয় করেছে ১১ কোটি ৭৫ লাখ রুপি। দর্শক উপস্থিতির হার ছিল ৬৯ দশমিক ৩৫ শতাংশ। তেলেগু সংস্করণ আয় করেছে ১ কোটি ২০ লাখ রুপি। তামিল ও কন্নড় সংস্করণ থেকে এসেছে যথাক্রমে ৬৫ লাখ ও ৩৫ লাখ রুপি। রোববার সব মিলিয়ে সিনেমাটি প্রদর্শিত হয়েছে ৫ হাজার ২৭০টি শোতে।
মুক্তির প্রথম দিনে সিনেমাটি নেট আয় করেছিল ১৫ কোটি ৮৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে নেট আয় ছিল ১১ কোটি ৫ লাখ রুপি।
আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ভালো সাড়া পাচ্ছে। বৈশ্বিক আয় ১৪১ কোটি ৩৪ লাখ রুপির মধ্যে ভারত থেকে এসেছে ৬৩ কোটি ৩৪ লাখ রুপি এবং বিদেশি বাজার থেকে ৭৮ কোটি রুপি। উপসাগরীয় অঞ্চল, উত্তর আমেরিকা ও ইউরোপের দর্শকেরা বিদেশি আয়ে বড় অবদান রেখেছেন।
২০১৩ সালে মুক্তির পরই জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে এর সিক্যুয়েলটিও ব্যাপক প্রশংসিত হয়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও।
‘দৃশ্যম ৩’ ছবিতে আবারও ফিরে এসেছে জর্জকুট্টির পরিবার। জর্জকুট্টির চরিত্রে আগের মতোই আছেন মোহনলাল। রানী জর্জের চরিত্রে মীনা, অঞ্জু চরিত্রে আনসিবা হাসান ও অনু চরিত্রে এস্থার অনিল।
ইন্ডিয়া টুডে অবলম্বনে