‘২০২২ সাল থেকেই আলাদা ছিলাম’, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন প্রীতি

বিজয়েন্দ্র কুমেরিয়া ও প্রীতি ভাটিয়াইনস্টাগ্রাম থেকে

ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ বিজয়েন্দ্র কুমেরিয়া। ‘শাস্ত্রী সিস্টার্স’, ‘উড়ান’, ‘নাগিন ৪’ ও ‘তেরি মেরি ডোরিয়াঁ’সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই চুপচাপ বিজয়েন্দ্র। এবার স্ত্রী প্রীতি ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি টেলি টক ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, ২০২২ সাল থেকেই তাঁরা আলাদা থাকছেন। তবে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে ২০২৫ সালে।
২০১২ সালের জানুয়ারিতে প্রীতিকে বিয়ে করেন বিজয়েন্দ্র। ২০১৬ সালের অক্টোবরে তাঁদের মেয়ে কিমায়ার জন্ম হয়।

আরও পড়ুন

বিজয়েন্দ্র জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে মতপার্থক্য ছিল। ছিল মানিয়ে নেওয়ার সমস্যাও। সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টাও করেছেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

অভিনেতা বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত এক রাতে নেওয়া হয় না। আমাদের মধ্যে অনেক মতপার্থক্য ও মানিয়ে নেওয়ার সমস্যা তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে সেগুলো বেড়েছে। সমস্যা সমাধানের চেষ্টা আমরা করিনি, এমন নয়। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটি আর কাজ করেনি। ২০২২ সালে আমরা আলাদা হয়ে যাই। এটি ছিল দুজনের সম্মতিতে নেওয়া সিদ্ধান্ত। ২০২৫ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদের রায় পাই।’

এত দিন বিষয়টি নিয়ে কথা বলেননি কেন? বিজয়েন্দ্র জানান, তিনি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। কী ঘটেছে, সেটি মেনে নিতেও তাঁর সময় লেগেছে। তাই প্রকাশ্যে কিছু বলেননি।

মেয়ের সঙ্গে বিজয়েন্দ্র কুমেরিয়া ও প্রীতি ভাটিয়া
ইনস্টাগ্রাম থেকে

তবে এত বছর পর মনে হয়েছে, অন্যের অনুমানের ওপর বিষয়টি ছেড়ে না দিয়ে নিজেই সত্যিটা জানানো উচিত।

মেয়ে কিমায়ার কথাও বলেছেন বিজয়েন্দ্র। তাঁর ভাষায়, মেয়ের জন্যই তাঁরা দীর্ঘদিন সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তবে পরে বুঝেছেন, আলাদা থাকাই সবার জন্য ভালো।

বিজয়েন্দ্র বলেন, ‘আমার মনে হয়, কিমায়ার জন্যও আলাদা আলাদাভাবে দুজন বাবা-মায়ের ভালোবাসা পাওয়া ভালো। অসুখী পরিবেশে বড় হওয়ার চেয়ে এটা তার জন্য ভালো। সব বাবা-মায়ের মতো আমরাও তার জন্য সবচেয়ে ভালোটা চাই। সেটাই আমরা করছি।’

বিচ্ছেদের পরও মেয়েকে দুজন মিলে বড় করছেন বিজয়েন্দ্র ও প্রীতি।

‘জুহি মুই’ ধারাবাহিকে অভিনয় করছেন বিজয়েন্দ্র। এতে ইশা সিংয়ের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে