২৬ তারিখে বিজয়ের সঙ্গে বিয়ে? কী ইঙ্গিত দিলেন রাশমিকা
দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটতে চলেছে বলেই মনে করছেন ভক্তরা। দক্ষিণি সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ে নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। এবার বিমানবন্দরে এক অনানুষ্ঠানিক মুহূর্তে রাশমিকার প্রতিক্রিয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হলো। সব ইঙ্গিত বলছে, চলতি মাসের ২৬ তারিখেই চার হাত এক হতে পারে এই তারকা জুটির।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে আগেই জানা গিয়েছিল, রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে হতে পারে। যদিও এ বিষয়ে রাশমিকা বা বিজয় কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবু সম্প্রতি বিমানবন্দরে রাশমিকার সঙ্গে এক আলোকচিত্রী ও ভক্তদের কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিমানবন্দরের সেই মুহূর্ত
ভিডিওতে দেখা যায়, রাশমিকা ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। পরে আলোকচিত্রী ও ভক্তদের অনুরোধে মুখের মাস্ক খুলে ছবি তুলতে রাজি হন। ঠিক তখনই এক আলোকচিত্রী তাঁকে অভিনন্দন জানালে রাশমিকা হাসতে হাসতে জানতে চান, ‘কিসের জন্য?’ উত্তরে যখন বলা হয়, ‘বিয়ের জন্য, ২৬ তারিখের অপেক্ষায় আছি,’ তখন তিনি কোনো আপত্তি না করে মৃদু মাথা নেড়ে লাজুক হাসি দেন। এই প্রতিক্রিয়াকেই অনেকেই বিয়ের তারিখের নীরব স্বীকৃতি হিসেবে দেখছেন।
উদয়পুরে বিয়ে, হায়দরাবাদে সংবর্ধনা
ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী, উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার পর হায়দরাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা করে সংবর্ধনার আয়োজন করতে পারেন রাশমিকা ও বিজয়। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
বহুদিনের সম্পর্কের গুঞ্জন
রাশমিকা ও বিজয় একসঙ্গে কাজ করেছেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে। এই দুই ছবির পর থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে দুই তারকার ভ্রমণের ছবিতে একরকম পটভূমি দেখে ভক্তরা সম্পর্কের ইঙ্গিত খুঁজে পান। কয়েক বছর ধরেই তাঁদের প্রেম ও বিয়ে নিয়ে নিয়মিত গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা বলেছিলেন, চার বছর ধরে এই গুঞ্জন চলছে। তবে সঠিক সময়ে তিনি নিজেই সব কথা বলবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর এ বক্তব্যের পর থেকেই ভক্তরা ধরে নিচ্ছিলেন, বড় কোনো ঘোষণা আসতে পারে খুব শিগগির।
কাজের ব্যস্ততায় দুই তারকা
কাজের দিক থেকেও দুজনেই ব্যস্ত সময় পার করছেন। বিজয় দেবরাকোন্ডার সাম্প্রতিক ছবি ব্যবসায় খুব একটা সাফল্য পায়নি। তবে সামনে তাঁর নতুন কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে রাশমিকা মান্দানার জন্য গত বছর ছিল বেশ সফল। একাধিক ছবিতে প্রশংসিত অভিনয় করেছেন তিনি। সামনে তাঁর হাতেও রয়েছে বেশ কয়েকটি নতুন প্রকল্প, যা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে