বিশ্বকাপের পর এবার অস্কারের মঞ্চে দীপিকা
অস্কারের ৯৫তম আসর ভারতীয়দের জন্য যেন স্বপ্নের মতো। ভারতীয় তিনটি সিনেমা যে এবার অস্কারের মঞ্চে পুরস্কারের জন্য লড়বে। এবার তাদের জন্য আরেকটি সুখবর দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কদিন আগেই কাতার বিশ্বকাপে ট্রফি উন্মোচন করেছিলেন এই বলিউড অভিনেত্রী। ফিফার পর এবার অস্কারের মঞ্চে দেখা যাবে এই অভিনেত্রীকে।
গতকাল দীপিকা নিজেই ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করেছেন। গতকাল অস্কারের ৯৫তম আসরের ঘোষকদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছে এই অভিনেত্রীর নাম। এখন দীপিকার বৃহস্পতি তুঙ্গে। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ফিফার মঞ্চ ঘুরে আসার পর মুক্তি পায় তাঁর অভিনীত সিনেমা ‘পাঠান’। আলোচনা-সমালোচনার পরও সিনেমাটি বক্স অফিসে তুলেছে ঝড়। এবার তিনি ডাক পেলেন অস্কারের মঞ্চে উপস্থাপনার জন্য।
এবারের উপস্থাপকদের তালিকায় আরও রয়েছেন রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কনেলি, আরিয়ানা ডিবোস, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল বি জর্ডান, ট্রয় কোটসুর, জোনাথন মেজরস, মেলিসা ম্যাকার্থি, কোয়েস্টলোভ, জো সালডানা ও ডনি ইয়েন। তাঁরা মঞ্চে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন। এর আগে অস্কারের মঞ্চে দেখা গিয়েছিল আরেক ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে।
অস্কারে ৯৫তম আসর বসবে ১২ মার্চ। এই আসরে সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য লড়ছে ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’। তার আগে একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতে গানটি ভারতীয়দের মনে আশা জাগিয়েছে। তাঁদের আশা ১৪ বছর পর আবারও ভারতে অস্কার পুরস্কার নিয়ে আসবে গানটি। এই গানে অস্কারের মঞ্চে লাইভ পারফরম্যান্সও করা হবে। এ ছাড়া সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মের পুরস্কারের জন্য লড়বে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ ও সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।