মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবির মুক্তি কবে? পরিচালক বললেন, ‘সত্য বলার সাহস নেই’
দীর্ঘ বিলম্ব, সেন্সর–জটিলতা আর একাধিক গুঞ্জনের পর থালাপতি বিজয়ের ‘জন নায়াগন’–এর মুক্তি নিয়ে নতুন আমার কথা শোনা গিয়েছিল। দিন কয়েক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত বিভিন্ন সূত্র জানিয়েছিল, আগামী ১৯ জুন মুক্তি পেতে পারে। তবে ছবির পরিচালক বললেন ভিন্ন কথা।
সম্প্রতি এক অনুষ্ঠানে ছবির মুক্তির তারিখ সম্পর্কে প্রশ্ন করা হলে এইচ বিনোথ রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘সেটা আমার হাতে নেই। সত্যটা বলার সাহসও আমার নেই। আর সাহস থাকলেও আপনারা সেটা প্রকাশ করার সাহস পেতেন না।’ তার এই মন্তব্যে উপস্থিত সবাই হাসলেও ভক্তদের মধ্যে ছবির ভবিষ্যৎ নিয়ে আরও জল্পনা তৈরি হয়েছে।
ছবিটি প্রথমে ৯ জানুয়ারি ২০২৬ মুক্তির কথা ছিল। ভারতীয় সার্টিফিকেশন বোর্ড শেষ মুহূর্ত পর্যন্ত ছাড়পত্র দেয়নি। ধর্মীয় অনুভূতি ও সশস্ত্র বাহিনীর উপস্থাপন নিয়ে অভিযোগ ওঠে। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়। মাদ্রাজ হাইকোর্ট ছবিটিকে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও পরে নতুন আইনি জটিলতা তৈরি হয়। মার্চে নির্ধারিত রিভিউ স্ক্রিনিংও বাতিল হয়ে যায়। এপ্রিল মাসে ছবিটির একটি কপি অনলাইনে ফাঁস হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
বুকিং অ্যাপগুলোতে এখনো ১৯ জুন মুক্তির সম্ভাব্য তারিখ দেখা যাচ্ছে, তবে ছবিটি এখনো আনুষ্ঠানিকভাবে সেন্সর ছাড়পত্র পায়নি। ফলে ওই তারিখে মুক্তি পাবে কি না, তা নিশ্চিত নয়।
রাজনৈতিক–অ্যাকশন ঘরানার এই ছবিতে বিজয়ের সঙ্গে আছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজ। সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন।
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করেছেন বিজয়। তাঁর দল তামিলগা ভেট্টি কাজাগাম নির্বাচনে জয় পেয়েছে, বিজয় হয়েছেন রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী। ছবির শুটিং শেষেই তিনি বলেছিলেন, এটাই তাঁর শেষ চলচ্চিত্র। এরপর অভিনয় ছেড়ে রাজনীতিতে মন দেবেন। হয়েছেও সেটাই, রাজনীতিতে নেমেই ভোটে জিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি।
ইন্ডিয়া টুডে অবলম্বনে