‘দৃশ্যম ৩’ ঝড় চলছেই, ৬ দিনে কত আয় করল মোহনলালের ছবি

‘দৃশ্যম ৩’ ছবিতের মোহনলাল। আইএমডিবি

২০১৩ সালে মুক্তির পরই জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে এর সিক্যুয়েলটিও ব্যাপক প্রশংসিত হয়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ, একজন সাধারণ কেব্‌ল ব্যবসায়ী। কিন্তু পরিবারকে বাঁচাতে তাঁর বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কম মানুষই। এবার এসেছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’। ২১ মে মোহনলালের জন্মদিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর প্রথম তিন দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করে।

মুক্তির ষষ্ঠ দিনেও বক্স অফিসে দাপট দেখিয়ে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১৭০.৩২ কোটি রুপি। এর মধ্য দিয়ে ‘আদুজীবিথাম’–এর আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে ছবিটি।

জিতু জোসেফের পরিচালিত এই থ্রিলার গতকাল মঙ্গলবার ভারতে আয় করেছে ৬.৪৫ কোটি রুপি। গত সোমবারের তুলনায় আয় কিছুটা কমলেও কর্মদিবসে ছবিটির দখল ছিল স্থিতিশীল। ছয় দিনে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ৬৮.৬০ কোটি রুপিতে।
বিদেশেও দুর্দান্ত ব্যবসা করছে সিনেমাটি। ষষ্ঠ দিনে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৬ কোটি রুপি। ফলে বিদেশে ছবিটির মোট আয় বেড়ে হয়েছে ৯০.৭০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় এখন ১৭০ কোটির ঘরে।

‘দৃশ্যম ৩’–এর পোস্টার। ইনস্টাগ্রাম থেকে

এর ফলে ‘দৃশ্যম ৩’ এখন সর্বকালের সপ্তম সর্বোচ্চ আয়কারী মালয়ালাম সিনেমা। একই সঙ্গে এটি ‘ভাজা ২’-এর পর ২০২৬ সালে ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করা দ্বিতীয় মালয়ালাম ছবি। এ ছাড়া মোহনলালের ক্যারিয়ারে এটি তৃতীয় সিনেমা, যা ২০০ কোটির ক্লাবের কাছাকাছি পৌঁছেছে। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছিল ‘থুডারাম’ ও ‘এল২ : এমপুরান’।
সবচেয়ে বড় বাজার হিসেবে এগিয়ে রয়েছে কেরালা। শুধু সেখান থেকেই ষষ্ঠ দিনে এসেছে ৫.৬৫ কোটি রুপি গ্রস। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে এসেছে ৬০ লাখ, তামিলনাড়ু থেকে ৫০ লাখ এবং কর্নাটক থেকে ৪৩ লাখ রুপি।

আরও পড়ুন

ভাষাভিত্তিক আয়েও মালয়ালাম সংস্করণই এগিয়ে। মালয়ালাম ভার্সন আয় করেছে ৫.৫০ কোটি রুপি নেট। তেলুগু সংস্করণ পেয়েছে ৬০ লাখ, তামিল সংস্করণ ২৫ লাখ এবং কন্নড় সংস্করণ ১০ লাখ রুপি।
দর্শক উপস্থিতির দিক থেকেও ছবিটি শক্ত অবস্থানে রয়েছে। মালয়ালাম সংস্করণের গড় দখল ছিল ৩৯.০৬ শতাংশ। সন্ধ্যা ও রাতের শোগুলোয় দর্শক উপস্থিতি সবচেয়ে বেশি ছিল।

ইন্ডিয়া টুডে অবলম্বনে