এত মানুষের দুর্ভোগ দেখা সত্যিই হৃদয়বিদারক! নেপালের দুর্যোগ নিয়ে মনীষা কৈরালা

মনীষা কৈরালা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় দুর্যোগে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী মনীষা কৈরালা। তাঁর ভাষায়, প্রকৃতির এমন ভয়ংকর রূপ তিনি আগে খুব কমই দেখেছেন। মানুষের এই দুর্দশার সময়ে সবাইকে একসঙ্গে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
কাঠমান্ডুতে অনুষ্ঠিত এনডিটিভি ওয়ার্ল্ড অন্বীক্ষা সামিটে অংশ নিয়ে এনডিটিভির আদিত্য রাজ কৌলের সঙ্গে কথা বলেন মনীষা। সেখানে নেপালের সাম্প্রতিক বন্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার প্রথম ভাবনা সেই মানুষদের নিয়ে, যাঁরা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভুক্তভোগী হয়েছেন। তাঁদের জন্য প্রার্থনা করছি। আমার মনে হয়, আমাদের সবারই তাঁদের জন্য প্রার্থনা করা উচিত।’
মনীষা আরও বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে উঠে যদি একজন মানুষ আরেকজন মানুষের কষ্টের দিকে তাকায়, হৃদয় ভেঙে যায়। এত বিপুল মানুষের দুর্ভোগ দেখা সত্যিই হৃদয়বিদারক।’

ভূমিকম্পের স্মৃতি মনে করিয়ে দিল
হঠাৎ করে এই দুর্যোগ নেমে আসায় বিস্মিত মনীষা। এ সময় তাঁর মনে পড়ে যায় নেপালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি। তিনি বলেন, ‘এটা হঠাৎ করে, খুবই আকস্মিকভাবে এসেছে। অনেক বছর আগে নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সেটিও কীভাবে সবকিছু তছনছ করে দিয়েছিল, আমার মনে আছে।’

মনীষা কৈরালা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ধ্বংসযজ্ঞের ছবি ও খবর তাঁকে নাড়া দিয়েছে বলেও জানান অভিনেত্রী। তাঁর কথায়, ‘এমন বন্যা বা প্রকৃতির এমন ভয়ংকর রূপ আমরা অনেকেই আগে দেখিনি। আমাদের সবারই প্রার্থনা করা উচিত এবং একই সঙ্গে এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো ও সাহায্য করা উচিত।’

নেপালের সঙ্গে মনীষার সম্পর্ক গভীর। তিনি নিজেই নেপালে জন্মেছেন। তাঁর দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। ফলে দেশটির এই বিপর্যয় তাঁকে আরও আবেগপ্রবণ করে তুলেছে।

আরও পড়ুন

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল
নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় দুর্যোগে এ পর্যন্ত ২৭০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নেপালের পুলিশ এ খবর জানিয়েছে। রয়টার্সের খবরে নেপালের পর্যটন কর্মকর্তা ও পুলিশ জানায়, নেপাল ও তিব্বতে এ পর্যন্ত ১৫০০ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক।