প্রেমের গুঞ্জনের পর ধানুশের সঙ্গে বিয়ে? ম্রুণাল বললেন...

ম্রুণাল ঠাকুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

দক্ষিণ ভারতীয় তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর—দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। গত মাসে সেই গুঞ্জন নতুন মাত্রা পায়, যখন কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে তাঁরা নাকি বিয়ের পিঁড়িতে বসছেন! তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর এই জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছেন।

‘আমি তো কিছু বলিনি!’ ভারতীয় গণমাধ্যম গালাট্টা প্লাস’–এর সঙ্গে আলাপে বলেন ম্রুণাল। একই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমার তো মনে হচ্ছে ১৪ ফেব্রুয়ারিই ১ এপ্রিল হয়ে যাবে, এপ্রিল ফুলস ডে! কে এসব শুরু করল, জানি না। আমাকে উদ্ধৃত করা হয়েছে, কিন্তু আমি তো কিছু বলিনি। ওরা লিখেছে, “ম্রুণাল বলেছেন।” আমি ভাবলাম, বাহ! বেশ সুন্দরভাবে বানিয়ে বলা হয়েছে। এসব সত্যিই ভয়ের।’

সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি ধানুশ ও ম্রুণাল বিয়ে করতে যাচ্ছেন। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ খবরের ‘কোনো সত্যতা নেই’।

সূত্রের ভাষ্য, আগামী মাসে ম্রুণাল বিয়ে করছেন—এমন কোনো পরিকল্পনা নেই। অকারণে এই গুঞ্জন ছড়িয়েছে। সূত্রটি আরও জানায়, ম্রুণালের সামনে টানা পেশাগত ব্যস্ততা রয়েছে। ফেব্রুয়ারিতে তাঁর একটি ছবি মুক্তির কথা, মার্চে মুক্তি পাবে আরেকটি তেলেগু সিনেমা। এত কাজের মাঝখানে বিয়ের পরিকল্পনা করার প্রশ্নই ওঠে না—বলেছে সংশ্লিষ্ট সূত্র।

ম্রুণাল ঠাকুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

গুঞ্জনের মধ্যেই ম্রুণাল ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন—সমুদ্রের মাঝখানে নৌকায় দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করছেন তিনি। খোলা চুলে শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছেন দূরে। ক্যাপশনে লেখেন, ‘মাটিতে পা রেখে, উজ্জ্বল আর অটল।’

কীভাবে শুরু হলো গুঞ্জন?

২০২৫ সালের আগস্টে প্রথম তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ম্রুণালের ছবি ‘সন অব সরদার ২’–এর প্রিমিয়ারে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এর আগে ধানুশের ছবি ‘তেরে ইশক ম্যায়’ পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি।

ম্রুণাল ঠাকুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ধানুশের ব্যক্তিগত জীবন ধানুশ দীর্ঘ ১৮ বছর বিবাহিত ছিলেন নির্মাতা ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে, যিনি দক্ষিণি তারকা রজনীকান্তের মেয়ে। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই ছেলে—লিঙ্গা ও যাত্রা।

আরও পড়ুন

এদিকে ম্রুণাল অভিনীত নতুন ছবি ‘দো দিওয়ানে সেহের মেঁ’ মুক্তি পাচ্ছে ২০ ফেব্রুয়ারি। শহুরে প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে তাঁর সঙ্গে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী।
ছবির গল্পে দেখা যাবে, দুজন তরুণ-তরুণী নিজেদের খুঁজে পাওয়ার পথে এগোতে গিয়ে আবেগ, দ্বিধা আর সম্পর্কের টানাপোড়েনের মুখোমুখি হয়। এখানে প্রেমকে রূপকথা হিসেবে নয়; বরং ধৈর্য, সহমর্মিতা ও সততার মধ্য দিয়ে গড়ে ওঠা এক বাস্তব যাত্রা হিসেবে তুলে ধরা হয়েছে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে