‘চুমুর দৃশ্যে অসুবিধা হয়নি’
বলিউডে অভিষেক হতে যাচ্ছে ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ইশা মালভিয়ার। ‘তুম মেরে হো’ সিনেমায় গুরমিত চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
রোমান্টিক ঘরানার এই সিনেমায় রয়েছে চুমুর দৃশ্যও। তবে এসব দৃশ্যে অভিনয় করতে তাঁর কোনো অসুবিধা হয়নি বলে জানিয়েছেন ইশা মালভিয়া।
জুম/টেলি টক ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইশা বলেন, গুরমিতের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। এর পেছনে সহশিল্পী হিসেবে গুরমিতের আচরণ এবং নিজের আত্মবিশ্বাসকে গুরুত্ব দিয়েছেন তিনি।
ইশা বলেন, ‘গুরমিতের সঙ্গে এ ধরনের দৃশ্যের শুটিং করতে অসুবিধা হয়নি। কারণ, তিনি একজন চমৎকার অভিনেতা ও মানুষ। এর বাইরে আমি আজ যে জায়গায় এসেছি, তার পেছনে আমার আত্মবিশ্বাসেরও ভূমিকা রয়েছে। যেকোনো পরিস্থিতি সামলানোর মতো আত্মবিশ্বাস আমার আছে।’
ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে পেশাদারত্ব ও স্বাচ্ছন্দ্যের গুরুত্ব নিয়েও কথা বলেছেন গুরমিত চৌধুরী। সিনেমাটির প্রচারণায় দুই অভিনয়শিল্পীর পর্দার রসায়ন এখন দর্শকের আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
‘তুম মেরে হো’ পরিচালনা করেছেন আশিস পান্ডা। চিত্রনাট্য লিখেছেন নিরঞ্জন আইয়েঙ্গার ও পূর্বা নরেশ। প্রেম, আবেগের টানাপোড়েন ও সম্পর্কের নানা জটিলতা নিয়ে সিনেমাটির গল্প। সেপ্টেম্বরে প্রকাশিত টিজারে ইশা ও গুরমিতের রোমান্টিক মুহূর্তের ঝলক দেখা গেছে।
আরতি এস ও দেবিনা ব্যানার্জি তাঁদের রেভা ক্রিয়েটিভ হাউস ও দেবগুরু ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন। প্রযোজক হিসেবেও এটি গুরমিতের প্রথম কাজ।
টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন ইশা মালভিয়া। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। অন্যদিকে টেলিভিশনের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন গুরমিত। ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘তুম মেরে হো’ সিনেমাটির।
মিড ডে অবলম্বনে