‘সেই তালিকায় আমি থাকলে সমস্যা কোথায়?’ শাহরুখের সঙ্গে তুলনা নিয়ে আরিয়ান

শাহরুখ খান ও আরিয়ান খানএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বাবার পথে না হেঁটে পরিচালনায় নিজের পরিচিতি তৈরি করছেন। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পরিচালনায় অভিষেক হয়েছে তাঁর। তবে বাবার সঙ্গে ছেলের তুলনা প্রায়ই উঠে আসে। চেহারা থেকে শুরু করে কথা বলার ধরন, বিভিন্ন বিষয়ে শাহরুখের সঙ্গে আরিয়ানের মিল খুঁজে পান অনেকে। এবার বাবার সঙ্গে এই তুলনা নিয়ে মুখ খুলেছেন আরিয়ান নিজে। তাঁর কথায়, এই তুলনাকে তিনি মোটেও চাপ হিসেবে দেখেন না, বরং প্রশংসা হিসেবেই নেন।
সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে তাঁর তুলনা প্রসঙ্গে কথা বলেছেন আরিয়ান। তিনি বলেন, ‘সবার সঙ্গেই তাঁর (শাহরুখ) তুলনা করা হয়। সেই তালিকায় আমি থাকলে সমস্যা কোথায়? নম্বর ওয়ান ব্যক্তির সঙ্গে তুলনাকে আমি প্রশংসা হিসেবেই দেখি। তিনি অসাধারণ।’

শুধু বাবার সঙ্গে তুলনা নয়, একজন নির্মাতা হিসেবে নিজের দক্ষতা সম্পর্কেও কথা বলেছেন আরিয়ান। নিজের সৃজনশীলতার জায়গাটি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমি ভালোবাসি। কাগজে একটা ভাবনা লিখে রাখা থেকে শুরু করে সেটিকে বাস্তবায়ন করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই আমার ভালো লাগে।’

আরও পড়ুন

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় মৌসুম নিয়ে ব্যস্ত
পরিচালনায় অভিষেকের পর এবার ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় মৌসুম নিয়ে ব্যস্ত আরিয়ান। নতুন মৌসুমের কাজ এবং চলচ্চিত্র নির্মাণের ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্প একই থাকে। কিন্তু সেটিকে কীভাবে আলাদা করে বলা যায়, কীভাবে তাতে নতুনত্ব আনা যায় এবং কীভাবে উপস্থাপন করা যায়—সেটাই আসলে চলচ্চিত্র নির্মাণের মূল বিষয়।’

আরও পড়ুন

‘দ্য ব্যাডস অব বলিউড’ একটি ব্যঙ্গধর্মী সিরিজ। হিন্দি চলচ্চিত্রশিল্পের নানা দিককে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে এতে। হাস্যরস, পর্দার পেছনের নানা ঘটনা এবং চলচ্চিত্রশিল্পের পরিচিত কিছু ধারণা ও প্রচলিত গল্প উঠে এসেছে সিরিজে। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন লক্ষ্য ও সেহর বাম্বা। এ ছাড়া ববি দেওল, রাঘব জুয়াল, অনন্যা সিং, মনীশ চৌধুরী, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, মনোজ পাহওয়া, গৌতমী কাপুর ও রজত বেদিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

শাহরুখ খান, গৌরি খান ও আরিয়ান খান। এএফপি

বিতর্কে জড়িয়েছিল সিরিজটি
‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর একটি বিতর্কেও জড়িয়েছিল। আয়কর বিভাগের কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে আরিয়ান খান, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, সিরিজে তাঁকে নেতিবাচকভাবে উপস্থাপন করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী সংস্থাগুলোকেও নেতিবাচকভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিলেন সমীর। তবে ২০২৬ সালের জানুয়ারিতে দিল্লি হাইকোর্ট এখতিয়ারের প্রশ্নে সমীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির আবেদন খারিজ করে দেন।

আরও পড়ুন
বাবার সঙ্গে তোলা ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আরিয়ান খান
ইনস্টাগ্রাম থেকে

নিজেদের নিয়েই মজা
সিরিজটি নিয়ে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান বলেছিলেন, ‘আমরা নিজেদের নিয়েই মজা করতে চেয়েছিলাম, কিন্তু কাউকে অপমান করতে চাইনি। আমার মনে হয়, আমরা সেই সীমারেখা ঠিকভাবে বজায় রাখতে পেরেছি। এই সীমারেখা আমাদের নিজেদেরই তৈরি করতে হয়েছিল। কারণ, চলচ্চিত্রশিল্পকে নিয়ে কিছু তৈরি করা এবং একই সঙ্গে এই শিল্পের অংশ হওয়া—দুটিই অনেক সম্মানের বিষয়।’
নিজেদের নিয়ে হাস্যরস তৈরি করার গুরুত্ব বোঝাতে আরিয়ান আরও বলেন, ‘আমার মনে হয়, ভালো কৌতুকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ যেন নিজেকে নিয়ে হাসতে পারে। সবাই আমাদের খুব সহযোগিতা করেছেন। আমরাও চেষ্টা করেছি, কাউকে অপমান করার সীমা অতিক্রম না করতে। আমরা শুধু নিজেদের নিয়েই মজা করতে চেয়েছি।’