রাধিকার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস নিয়ে বিতর্ক, ‘কেউ হয়তো মুঠোফোনে ভিডিওটি করেছেন’

রাধিকার ফাঁস হওয়া অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে কথা বলেছেন অভিনেতা অনিরুদ্ধ সূর্যকোলাজ

রাধিকা আপ্তের একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় আবারও অভিনয়শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশেষ করে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় ধারণ করা ফুটেজ কীভাবে ফাঁস হয়ে যায়, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ‘লাস্ট স্টোরিজ ৩’–এর অভিনেতা অনিরুদ্ধ সূর্য।

সম্প্রতি রাধিকা আপ্তে জানান, তাঁর একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছিল। ঘটনাটি তাঁর জন্য অস্বস্তিকর ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতোই।

অনিরুদ্ধও মনে করেন, এ ধরনের দৃশ্য ধারণের বিষয়টি খুবই সংবেদনশীল।

রাধিকা আপ্তে
ইনস্টাগ্রাম থেকে

‘লাস্ট স্টোরিজ ৩’–এর বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত পর্বে অভিনয় করেছেন অনিরুদ্ধ। রাধিকার সঙ্গে তাঁর দৃশ্য খুব বেশি না থাকলেও ঘটনার অস্বস্তিকর দিকটি তিনি বুঝতে পারছেন।

মিড ডেকে দেওয়া সাক্ষাৎকারে অনিরুদ্ধ বলেন, সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য এখন নতুন কিছু নয়। এ ধরনের দৃশ্যের শুটিংয়ে তাই অন্তরঙ্গ দৃশ্যের সমন্বয়কারীও থাকেন।

অনিরুদ্ধ সূর্য
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন

অনিরুদ্ধ বলেন, ‘অনেক সিনেমাতেই অন্তরঙ্গ দৃশ্য থাকে। এ কারণেই অন্তরঙ্গ দৃশ্যের সমন্বয়কারীরা থাকেন। এটি আমাদের কাজেরই একটি অংশ। তবে বিষয়টি অস্বস্তিকর হতে পারে। আমি এখনো কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করিনি। খুব বেশি কাজও করিনি, বরং কমেডি ধরনের চরিত্রেই বেশি কাজ করেছি। তাই ব্যক্তিগতভাবে এমন অভিজ্ঞতা হয়নি। তবে কল্পনা করতে পারি, বিষয়টি কতটা অস্বস্তিকর হতে পারে। কারণ অন্তরঙ্গতা ব্যক্তিগত বিষয়। আর সেটি যখন ইচ্ছাকৃতভাবে ধারণ করা হয়, তখন অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক।’

শুটিং সেটে ফোন ব্যবহারে কড়াকড়ি

অনিরুদ্ধর ভাষ্য, শুটিং সেটের কর্মীদের সঙ্গে চুক্তি করা থাকে। অনুমতি ছাড়া কোনো ফুটেজ ধারণ বা প্রকাশ করার সুযোগ নেই। রাধিকার ঘটনায় ঠিক কীভাবে ভিডিওটি ছড়িয়েছে, তা তিনি জানেন না।

তবে তাঁর ধারণা, সেটের কেউ অথবা বাইরের কোনো ব্যক্তি মুঠোফোনে সেটি ধারণ করে থাকতে পারেন।

অভিনেতা বলেন, ‘প্রযুক্তিগতভাবে সেটে কাজ করা সবার সঙ্গেই কঠোর গোপনীয়তা চুক্তি থাকে। চুক্তিতেও এ বিষয়গুলো উল্লেখ থাকে। তাই অনুমতি ছাড়া ধারণ করা কোনো ফুটেজ ফাঁস হওয়ার কথা নয়। রাধিকার ঘটনায় কী হয়েছিল, আমি জানি না। শুধু ধারণা করতে পারি, সেটের কেউ অথবা বাইরের কেউ হয়তো মুঠোফোনে ভিডিওটি ধারণ করেছেন।’

অভিনেতা আরও বলেন, ‘সাধারণত সেটের কেউ এমনটা করতে পারেন না। তাঁরা করেনও না। কারণ, সবাই চুক্তিতে সই করেন। এ ধরনের ঘটনা ঘটলে তাঁদের বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে।’

আরও পড়ুন
রাধিকা আপ্তে
ইনস্টাগ্রাম থেকে

অন্তরঙ্গ দৃশ্যে ফোন নিষিদ্ধের পরামর্শ

অনিরুদ্ধ জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সাধারণত সেটে মুঠোফোন রাখা যায় না। তবে তিনি নিজে এখনো এমন কোনো দৃশ্যে অভিনয় করেননি বলে ঠিক কী ধরনের নিয়ম মানা হয়, তা তাঁর জানা নেই।

অনিরুদ্ধর ভাষায়, ‘যেমনটা বলেছি, আমি এখনো কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করিনি। তাই আসলে কী হয়, তা জানি না। তবে আমার ধারণা, এ সময় সেটে মুঠোফোন রাখার অনুমতি থাকে না। হতে পারে কেউ মুঠোফোন নিয়ে সেটে ঢুকে পড়েছে, অথবা কেউ ভিডিও ধারণ করে ফেলেছে।’

এ ধরনের ঘটনা ঠেকাতে সেটে আরও কঠোরভাবে মুঠোফোন নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন অনিরুদ্ধ। তাঁর মতে, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সেটে কোনো মুঠোফোন না রাখাই সবচেয়ে কার্যকর ব্যবস্থা। এতে বিশেষ করে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ অনুমতি ছাড়া অনলাইনে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমবে।

অনিরুদ্ধ বলেন, ‘আমার মনে হয়, এ ধরনের ঘটনা ঠেকাতে সেটে মুঠোফোন একেবারেই না রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। তাহলেই এমন কিছু ঘটার আশঙ্কা কমবে।’

মিড ডে অবলম্বনে