যশ–কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা–বিতর্ক
চলতি বছরের বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’ প্রকাশ পেয়েছে। গতকাল গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে। অনেকেই ইয়াশ ও কিয়ারা আদভানির রসায়নের প্রশংসা করছেন, আবার কারও প্রশ্ন—ছবিতে কি শুধু প্রেম আর ঘনিষ্ঠ দৃশ্যই থাকবে, নাকি শক্তিশালী কোনো গল্পও আছে?
বিশাল মিশ্রের গাওয়া ও সুর করা এই রোমান্টিক গানে যশ ও কিয়ারার চরিত্রকে একে অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট দেখা যায়। গানের শুরুতেই গির্জার বাইরে কিয়ারাকে দেখে তাঁকে কোলে তুলে নেন যশ। পরে সার্কাসের মঞ্চে ওঠার আগে কিয়ারাকে মঞ্চের পেছনে নিয়ে গিয়ে চুম্বন করেন। এরপর গাড়ির ভেতর, সমুদ্রসৈকতসহ নানা জায়গায় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত দেখানো হয়েছে। গানের শেষ দৃশ্যে আগুনে পুড়ে যাওয়া একটি কার্নিভ্যালের ফেরিস হুইলে দেখা যায় দুজনকে।
গানটি প্রকাশের পর অনেক দর্শকই যশ ও কিয়ারার পর্দার রসায়নের প্রশংসা করেছেন।
একজন লিখেছেন, ‘অনেক দিন পর এমন একটি তীব্র প্রেমের গল্প দেখলাম, যেখানে ঘনিষ্ঠ দৃশ্যগুলো শুধু সস্তা প্রচারণার জন্য নয়; বরং আবেগও রয়েছে।’
আরেকজনের মন্তব্য, ‘“টক্সিক”-এর এখন পর্যন্ত প্রকাশিত কনটেন্টগুলোর মধ্যে ‘তাবাহি’–ই প্রথম, যেটি পর্দায় সত্যিকারের আবেদন তৈরি করেছে। দৃশ্যগুলো সাহসী হলেও কোথাও অশালীন নয়। কিয়ারা যেন স্বপ্নের মতো লাগছে।’
আরেকজন লিখেছেন, ‘পর্দায় আকর্ষণীয় দেখানো আর অশালীন হয়ে ওঠার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। সৌভাগ্যবশত ‘তাবাহি’সেই সীমা অতিক্রম করেনি।’
যশের নতুন লুক ও শরীরী ভাষাও দর্শকদের নজর কেড়েছে। একজন লিখেছেন, ‘আগের কোনো ছবির সঙ্গে তাঁর অভিব্যক্তি বা শরীরী ভাষার মিল নেই। একেবারে নতুন লেগেছে।’
আরেকজনের ভাষ্য, ‘যশ ও কিয়ারার রসায়ন অসাধারণ। সবচেয়ে ভালো বিষয় হলো, এটি কোথাও অশালীন মনে হয়নি।’
তবে সবাই গানটি ইতিবাচকভাবে নেননি। অনেকেই ভিডিওতে প্রেম ও ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন মন্তব্য করেছেন, ‘“কেজিএফ”-এর পর এটা বড় হতাশা। একটি ব্লকবাস্টারের পর অহংকার বেড়ে গেলে এমনই হয়। পুরো পরিবার, বিশেষ করে শিশুদের নিয়ে বসে দেখার মতো ছবি এটি হবে না।’
আরেকজন লিখেছেন, ‘এখন পর্যন্ত ছবির সব প্রচারেই শুধু প্রেম আর প্রতারণার ইঙ্গিত। গল্পটা কোথায়?’
গীতু মোহনদাস পরিচালিত ও যশের সঙ্গে যৌথভাবে লেখা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এ অভিনয় করেছেন ইয়াশ, কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া।
এর আগে ছবিটির প্রথম টিজার প্রকাশের পরও বিতর্ক তৈরি হয়েছিল। টিজারের কিছু দৃশ্যকে অনেকেই ‘অতিরিক্ত অশালীন’ ও ‘যৌন আবেদননির্ভর’ বলে সমালোচনা করেছিলেন।
সব আলোচনা-সমালোচনার মধ্যেই আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে