আসেন ফ্ল্যাটের কাগজপত্র দেখে যান, কঙ্গনাকে ঊর্মিলা
এবার ঊর্মিলা বল ঠেলে দিলেন কঙ্গানার কোর্টে। জবাব দিলেন কঙ্গনা রনৌতের কটাক্ষের। জানিয়ে দিলেন তাঁর ফ্ল্যাট কেনার টাকার উৎস। কঙ্গনাকে তাঁর ফ্ল্যাটের কাগজপত্র দেখার আমন্ত্রণ জানালেন। পরোক্ষভাবে কঙ্গনাকে অভিযুক্ত করলেন মাদক কেলেঙ্কারির সঙ্গে।
গত রোববার ঊর্মিলা মার্তন্ডকারের চার কোটি টাকার ফ্ল্যাট নিয়েও কটাক্ষ করলেন কঙ্গনা রনৌত। টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘আহারে আমি নিজের পরিশ্রমের টাকায় যে বাড়িটি তৈরি করেছিলাম, সেটা বিজেপি হাতুড়ি চালিয়েছে। ভেঙে দিয়েছে বেশ খানিকটা। বিজেপিকে খুশি করতে আমার বিরুদ্ধে ২৫-৩০টি মামলা হয়েছে। ঊর্মিলার মতো কংগ্রেসকে খুশি করলে ভালো হতো। কী বোকা না আমি?’ সেই টুইটে এক শিবসেনা নেত্রীকে ট্যাগ করছেন কঙ্গনা।
এমন ব্যক্তিগত আক্রমণে মোটেও চুপ থাকেননি নব্বইয়ের জনপ্রিয় এই তারকা। মাত্র দুই ঘণ্টায় পাল্টা জবাবও দিয়ে দিলেন। ভিডিও বার্তায় কঙ্গনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঊর্মিলা।
টুইটারে একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ দেশের সবার সামনে আমি বলছি, আসুন আপনি। আপনিই সময় এবং জায়গা ঠিক করুন। আমি ফ্ল্যাটের কাগজপত্র নিয়ে সেখানে আসব।’ সেই ভিডিওতে ঊর্মিলা নতুন বাসস্থান কেনার টাকা কোথায় পেয়েছেন, তা-ও স্পষ্ট করেছেন। বিদ্রূপের সুরে বললেন, ‘বলিউডে “মাত্র ২৫ থেকে ৩০ বছর” কাজ করার পর ২০১১ সালে অন্ধেরিতে একটি বাড়ি কিনেছিলাম। মার্চ মাসে সেই বাড়ি বিক্রি করে পাওয়া অর্থ দিয়েই নতুন ফ্ল্যাট কিনলাম।’ সেই বাড়ি বিক্রির কাগজপত্র দেখাতে চেয়ে ঊর্মিলা লেখেন, ‘রাজনীতিতে আসার আগেই আমি এই ফ্ল্যাট কিনেছি। আমি তাঁকে সেটা দেখিয়ে দিতে চাই।’
ভিডিওটা এখানে শেষ না। পুরোনো ঘায়ে নতুন করে নুন ছিটালেন ঊর্মিলা। বললেন, ‘আমার কাগজপত্র দেখানোর পরিবর্তে আমি একটাই জিনিস চাই। আমার মতো লক্ষ-কোটি ট্যাক্সদাতাদের টাকা ব্যবহার করে আপনাকে ‘ওয়াই প্লাস” সিকিউরিটি দেওয়া হয়েছিল। কারণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোকে দেওয়ার মতো আপনার কাছে কিছু নাম ছিল। আজ সারা দেশ সেই নামগুলোর জন্য অপেক্ষা করছে। দেশ খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবাই মাদকের বিরুদ্ধে লড়ছি। দয়া করে আপনি সেই নামগুলোর সংক্ষিপ্ত তালিকা নিয়ে আসেন। আমি অপেক্ষা করছি।’
২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা রনৌত।
এমনকি, মুম্বাইকে ‘পাক অধিকৃত কাশ্মীর’ও বলেছেন তিনি। সে সময় মহারাষ্ট্রের শাসক শিবসেনা-এনসিপি নেতারাও কঙ্গনার বিরুদ্ধে নানা কথা বলেছেন, হুমকি দিয়েছেন। তাঁকে মুম্বাইয়ে ঢুকতে না দেওয়ার ‘হুমিক’ও দিয়েছে মহারাষ্ট্রের শাসকদল। এমনই সংঘাতের আবহে কঙ্গনাকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেয় ভারত সরকার। ওই নিরাপত্তা ব্যবস্থায় সারাক্ষণ একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা থাকেন। থাকেন ১১ জন আধা সামরিক বাহিনীর সদস্য। যাঁদের মধ্যে দুই থেকে তিনজন কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত। গত সেপ্টেম্বর মাসে কঙ্গনার অফিস ভাঙার বিরোধিতা করলেও কঙ্গনাকে ওয়াই প্লাস নিরাপত্তার দেওয়ার বিরুদ্ধে ছিলেন ঊর্মিলা। নতুন করে আরেকবার সেই সূত্রে কঙ্গনাকে খোঁচা দিলেন ঊর্মিলা।