একটা গল্প...যা বদলে দেবে সবকিছু! ‘ওয়ার্মআপে’ কী বার্তা দিলেন শাকিব

‘রকস্টার’-এর ‘ওয়ার্মআপ’ ভিডিও থেকে। শাকিব খানের ফেসবুক পেজ থেকে নেওয়া

শনিবার এসেছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক টিজার। ৫৪ সেকেন্ডের অ্যানিমশন ভিডিওটির নাম দেওয়া হয়েছে ‘ওয়ার্মআপ’। ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘একটা গল্প...যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।’ একই সঙ্গে জানানো হয়েছে, ৫ মে ছবির আরও একটি টিজার প্রকাশ করা হবে।
অ্যানিমেশন ভিডিওতে এক রকস্টারের উত্থান-পতন তুলে ধরা হয়েছে। আজ দুপুরে শাকিব খানের ফেসবুক পেজে মুক্তি পাওয়া এই ওয়ার্মআপের প্রশংসা করেছেন অনেক দর্শক।

দেশের সিনেমার অ্যানিমেশন টিজার সেভাবে দেখা যায় না। সেদিক থেকে ব্যতিক্রম ‘রকস্টার’। মুক্তির পর থেকে অ্যানিমেশন টিজার মুক্তির উদ্যোগ নিয়ে প্রশংসা করেছেন অনেক ভক্ত। এ ছাড়া প্রশংসা পেয়েছে টিজারে বাজা আবাহসংগীত।
ভিডিওর শুরুতে দেখা যায় ঝড়বৃষ্টি, সঙ্গে বাজছে গিটার। এরপর আসে একটি কনসার্টের আবহ, যেখানে হাজির হয় রকস্টার শাকিবের অ্যানিমেটেড অবয়ব। কনসার্টে উপস্থিত হওয়া অসংখ্য দর্শকের সামনে গান গাইছেন রকস্টার। গানের কথায় শোনা যায়, ‘আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও।’

`‘রকস্টার’–এর লুকে শাকিব খান। ফেসবুক থেকে

ভিডিওর নিচে মন্তব্যের ঘরে ভক্ত লিখেছেন, ‘পুরাই আগুন হবে এই সিনেমা।’ আরেক ভক্ত লিখেছেন, ‘আবহসংগীত শুনেই রোমাঞ্চ হচ্ছে।’ অনেকে আবার দ্রুত টিজার মুক্তি দেওয়ার কথা বলেছেন।

আজমান রুশো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। এতে শাকিব ছাড়াও আছেন সাবিলা নূর ও তানজিয়া মিথিলা।

আরও পড়ুন

সিনেমার সব কটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দেবেন। এ ছাড়া সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।
সান মোশন পিকচার প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।