শাকিবের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে কী, পরিচালক যা বললেন

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ফার্স্টলুক মোশন পোস্টারে শাকিব খানভিডিও থেকে

নির্ধারিত সময়ে সার্ভারে না পাওয়ায় শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ চালাতে পারেনি বেশ কয়েকটি হল। টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে বেশ কয়েকটি হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। পরিচালক সাংবাদিকদের বলেন, সিনেমাটির ডিস্ট্রিবিউশন করছে জাজ মাল্টিমিডিয়া।

কেন এই জটিলতা? জানতে চাইলে আবু হায়াত মাহমুদ গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘জাজের এই সার্ভার নতুন এসেছে। হলমালিকেরা এটার সঙ্গে পরিচিত নন। আগে যে সার্ভার ছিল, ওটাতে খুব দ্রুত সিনেমা পাস করা যেত। এই সার্ভারে প্রতিটি সিনেমায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায়। ফলে আমরা ঈদের আগের দিন ওনাদের সিনেমা সরবরাহ করেছি। নতুন সার্ভারে সবার কাছে পৌঁছাতে গিয়ে সময়টা লেগে গেছে বেশি। যেহেতু ওনারাও (হলমালিক) অভিজ্ঞ নন, জানেন না। আবার ওরাও (জাজ মাল্টিমিডিয়া) হয়তো বোঝাতে পারেনি।’

‘প্রিন্স’–এর টিজারে শাকিব খান। ভিডিও থেকে

আবু হায়াত মাহমুদের দাবি, সার্ভারের জটিলতার কারণেই সিনেমাটি নির্ধারিত সময়ে হলে হলে পৌঁছানো যায়নি।

পরিচালকের ভাষ্য, ‘যারা ডিস্ট্রিবিউটর ছিল, মানে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে হলমালিকদের হয়তো একটু গ্যাপ তৈরি হয়েছে। যদি আগে বলে দিত, একটু সময় লাগবে এটা পাস হতে, তাহলে আর এই জিনিসটা তৈরি হত না। এটা একদমই টেকনিক্যাল কারণে হয়েছে। অন্য কোনো ইস্যুই নাই এখানে।’

আরও পড়ুন

ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমাটি প্রদর্শনের কথা ছিল। তবে সিনেমাটি নিয়ে জটিলতার কারণে এখনো সিনেমাটি সিনেপ্লেক্সে ওঠেনি।
পরিচালকের আশা, জটিলতার সুরাহা করে শিগগিরই সিনেপ্লেক্সেও সিনেমাটি প্রদর্শিত হবে।

‘প্রিন্স’ সিনেমাটি ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।