এখনো অস্কারের জন্য জমা পড়েনি কোনো ছবি, আলোচনায় যেসব সিনেমা
গত ২০ আগস্ট অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে সিনেমা আহ্বান করে অস্কার কমিটি বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর সিনেমা জমা দেওয়ার শেষ দিন। আর মাত্র চার দিন বাকি থাকলেও এখনো অস্কারে জমা দেওয়ার জন্য কোনো সিনেমা জমা পড়েনি। তবে আলোচনা রয়েছে নিশোর সিনেমার নাম।
অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কো–অর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘কমিটি থেকে আমরা নিয়ম মেনে আগে থেকেই সিনেমা আহ্বান করেছি। কিন্তু এখনো কোনো সিনেমা জমা পড়েনি। তবে বেশ কয়েকটি সিনেমার ইউনিট আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা সিনেমা জমা দিতে আগ্রহী। তাদের আমরা অনলাইনে জমা দেওয়ার ব্যাপারে সব বুঝিয়ে দিয়েছি।’
আব্দুল্লাহ আল মারুফ জানান, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ টিমের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। সিনেমাটি অস্কারের প্রতিযোগিতার জন্য জমা দিতে চায় টিম। অন্যদিকে সিনেমার নাম জানা না গেলেও আফরান নিশোর একটি সিনেমার কথা জানালেন এই সাবমিশন কো–অর্ডিনেটর।
এ নিয়ে মারুফ বলেন, ‘আফরান নিশো অভিনীত একটি সিনেমা জমা দিতে একটি টিম আমাকে ফোন করেছিল। তারা জমা দিতে চায়। এ ছাড়া “দেলুপি” জমা পড়বে, এমনটা শুনেছি। এর মধ্যে প্রথম দিকে আরও তিনটি সিনেমার পরিচালক ও প্রযোজক যোগাযোগ করেছিলেন। তাঁরা পরে আর যোগাযোগ করেননি।’ এ সময় তিনি আরও বলেন, ‘নিশো অভিনীত “দম” সিনেমা জমা দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান।’ এই সিনেমা পরিচালনা করেছেন রেদওয়ান রনি।
মারুফ আরও জানান, অনেকেই ফোন করেছেন নিয়ম জানতে। তাঁদের সেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। জানা যায়, অস্কারের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ভাষায় সিনেমা জমা দিতে হলে সেই সিনেমা অবশ্যই ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬–এর মধ্যে বাংলাদেশের বাণিজ্যিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হবে। একই সিনেমা হলে সাধারণ দর্শকের জন্য বাণিজ্যিক ভিত্তিতে অন্তত টানা সাত দিন প্রদর্শিত হওয়ার শর্তও রয়েছে অথবা আন্তর্জাতিকভাবে মুক্তি পেলে সেই তথ্য বাংলাদেশ অস্কার কমিটির কাছে জমা দিতে হবে।
অস্কার বাংলাদেশ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তির আগে টেলিভিশন, পে–পার–ভিউ, ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন কিংবা ইন্টারনেটে চলচ্চিত্রটি প্রচারিত হলে সেটি অস্কারের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। আবেদন করা চলচ্চিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণও মূলত বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের হাতে থাকতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে কিংবা একাডেমির নিয়মের বাইরে কোনো তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে।
অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ সময় ১৬ সেপ্টেম্বর ২০২৬। রাত ১২টা পর্যন্ত সিনেমা জমা নেওয়া হবে। পরবর্তী সময় জমা পড়া সিনেমাগুলো দেখে ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় ঢাকার সোনারগাঁও হোটেলে জুরিবোর্ডের সিদ্ধান্ত জানানো হবে। সবশেষে মারুফ বললেন, ‘সব সময়ই দেখা যায়, একদম শেষ দিন আমরা সিনেমাগুলো পাই। তার আগে অনেকেই সিনেমা জমা দিতে চান না।’ গত বছর বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো হয় ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি।