দুই সিনেমা মুক্তি পাচ্ছে আজ

‘আতরবিবিলেন’ সিনেমার দৃশ্যনির্মাতার সৌজন্যে

রাজধানীর উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারসহ দেশজুড়ে এক ডজন সিনেমা হলে মুক্তি পাচ্ছে আতরবিবিলেন। এক সাধারণ নারীর জীবনসংগ্রামের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন মিজানুর রহমান।

সিনেমার গল্পে দেখা যাবে, এক নারী পরিস্থিতির শিকার হয়ে ঢাকায় চলে আসে। ঢাকায় এক তরুণের সঙ্গে পরিচয় হয়, যে একজন পেশাদার খুনি। তরুণীটিকে নির্যাতন করা হয়।

সিনেমার নামকরণ নিয়ে পরিচালক মিজানুর রহমান জানান, আতর নামে এক নারীর আতর বিবি হয়ে ওঠার গল্প বলা হয়েছে। আতর বিবির শরীর থেকে আতরের ঘ্রাণ আসে। তাঁর অতিপ্রাকৃত শক্তি রয়েছে। ক্রমেই সিনেমার কাহিনি ভিন্ন দিকে মোড় নেয়।
নির্মাতা জানান, সিনেমাটিতে বস্তির রাজনীতি তুলে এনেছেন তিনি। সিনেমার আতর বিবি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি, এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা। তিনি বলছেন, চরিত্রটি একদম আলাদা। চরিত্রটি তাঁকে আকৃষ্ট করেছে।

টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন মিজানুর রহমান। দৌলতদিয়া, রাজবাড়ী, গোয়ালন্দ ও ফরিদপুরে সিনেমার দৃশ্য ধারণ করা হয়েছে।

সিনেমাটিতে এতে আরও অভিনয় করেছেন মোস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জল, সকাল ও সীমান্ত প্রমুখ।

‘মানুষটিকে দেখ’ সিনেমার দৃশ্য
নির্মাতার সৌজন্যে
আরও পড়ুন

‘মানুষটিকে দেখ’

রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে মানুষটিকে দেখ। সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানুষের জীবনসংগ্রাম ও তাদের ঘিরে থাকা কুসংস্কারকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করেছেন গাজী রাকায়েত।

সিনেমার গল্পে দেখা যাবে, সেরিব্রাল পালসিতে আক্রান্ত ফরিদাকে অনেকে তাচ্ছিল্য করেন। তবে তিনি দমে যান না। সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানুষের জন্য লড়াই চালিয়ে যান। লড়াইয়ে তাঁর পাশে থাকেন এক তরুণ ফিরোজ, যিনি পথশিশুদের নিয়ে কাজ করেন। একসময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সিনেমাটি নিয়ে গাজী রাকায়েত বলছেন, এটি তাঁর তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আশা করি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।

এতে অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, কাজী নওশাবা, রাজীব সালেহীন।

সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড-সিআরপির অর্থায়নে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ।

সিনেমার শিল্পনির্দেশনা দিয়েছেন উত্তম গুহ, সিনেমাটোগ্রাফি করেছেন শেখ রাজিবুল ইসলাম। আবহসংগীত করেছেন সৈয়দ সাবাব আলী আরজু, কস্টিউম ডিজাইন করেছেন সাকি তারা। সম্পাদনার দায়িত্বে ছিলেন প্রিন্স সজল ও কালার গ্রেডিং করেছেন সৌরভ দাস।