লিখেছেন, কেটেছেন, আবার লিখেছেন; অবশেষে প্রেমের সিনেমা বানাচ্ছেন রাজীব

আদনান আল রাজীব। নির্মাতার সৌজন্যে

বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে পরিচিতি পান আদনান আল রাজীব। এর মাঝে তাঁর বানানো বেশ কিছু টেলিভিশন নাটকও জনপ্রিয়তা পায়। গত বছর তাঁর হাত ধরেই প্রথম দেশি কোনো সিনেমা কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছিল। শুধু তা–ই নয়, তাঁর নির্মিত ‘আলী’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিশেষ স্বীকৃতি অর্জন করেছিল। এরপর আরও বেশ কিছু উৎসবে এটি পুরস্কার পেয়েছে। এরপরই দেশের দর্শকদের মাঝে একটা অগ্রহ জন্মেছিল, কবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাবেন রাজীব। এবার ঘোষণা দিলেন এ নির্মাতা। জানিয়েছেন, শিগগির প্রেমের সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি।

আদনান আল রাজীব

শুক্রবার এক ফেসবুক পোস্টে রাজীব লিখেছেন, ‘অ্যাডভারটাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম “কাছে আসার গল্প”। সেই সময়ের হিসাবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাব। স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সব সময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।’

আরও পড়ুন

রাজীব আরও লিখেছেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি।’

রোহিত তিওয়ারি ও সালিনা প্রকাশকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন আদনান আল রাজীব। ছবি: সংগৃহীত

পোস্টের শেষে সিনেমার ঘোষণা দিয়ে রাজীব লিখেছেন, ‘হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’