নর্থ আমেরিকায় আয়ের শীর্ষে ৫ ঢালিউড সিনেমা
বিদেশের বাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬১ হাজার ডলার। নর্থ আমেরিকার সিনেমা বাজারে বাংলাদেশি সিনেমার মধ্যে আয়ের শীর্ষে এখন বনলতা এক্সপ্রেস। নর্থ আমেরিকার বাজার থেকে সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় বনলতা এক্সপ্রেস ঢুকে পড়ায় দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এটির পরিচালক তানিম নূর।
২০২২ সালে পরাণ ও হাওয়া সিনেমা দুটিকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছিল বিদেশে ঢালিউড সিনেমার বাজার। ওই সময় সিনেমা দুটির টিকিট পেতে হিমশিম খেয়েছেন প্রবাসী বাঙালি দর্শক। দুটি সিনেমার টিকিটই অগ্রিম বুক হয়ে যায়।
ওই সময়ে বেশি আলোচিত হয় হাওয়া। পরিবেশক সূত্রে জানা যায়, নর্থ আমেরিকার বাজার থেকে আয় করা সিনেমার তালিকায় ২০২২ সাল থেকে শীর্ষে ছিল মেজবাউর রহমান সুমনের হাওয়া। ছবিটির পরিবেশক সূত্রে জানা যায়, বিদেশের বাজার থেকে সিনেমাটির আয় ৩ লাখ ৫৮ হাজার ডলার। বনলতা এক্সপ্রেস–এর কারণে সিনেমাটি এখন শীর্ষ অবস্থান থেকে ২ নম্বরে চলে এসেছে। সিনেমাটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ।
তালিকায় ৩ নম্বরে রয়েছে পরাণ। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি দেশের বক্স অফিসে আলোচনার পাশাপাশি বিদেশের বাঙালি দর্শকদের মধ্যেও আলোচিত হয়। সিনেমাটি সেই সময়ে নর্থ আমেরিকার বক্স অফিস থেকে আয় করেছিল ১ লাখ ৮৯ হাজার ডলার। এ সিনেমায় জুটি ছিলেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম।
নর্থ আমেরিকার বাজারে আয়ে চতুর্থ অবস্থানে রয়েছে তানিম নূর পরিচালিত আরেক সিনেমা উৎসব। পরিবেশক সূত্রে জানা যায়, গত বছর মুক্তি পাওয়া সিনেমাটির আয় ১ লাখ ৭৭ হাজার ডলার। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। এ ছাড়া অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসানসহ অনেকেই ছিলেন।
মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারকে ধরা হয় নর্থ আমেরিকার সিনেমার বাজার। এ বাজার থেকে আয়ে ঢালিউড সিনেমার মধ্যে শীর্ষ ৫ নম্বরে রয়েছে তুফান। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। জুটি হয়েছেন শাকিব খান, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির আয় দেড় লাখ ডলার।
নর্থ আমেরিকার বাজারে বনলতা এক্সপ্রেস পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো।