৭ মিনিটে ২ হাজার রিঅ্যাক্ট! জন্মদিনে চমকে দিলেন শাকিব খান

`‘রকস্টার’–এর লুকে শাকিব খান। ফেসবুক থেকে

‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’ থেকে ‘প্রিন্স’—গত কয়েক বছরে শাকিব খানকে দেখা গেছে পুরোপুরি অ্যাকশনের মেজাজে। অনেক ভক্তই অপেক্ষায় ছিলেন ‘নতুন শাকিব’কে দেখার। তাঁদের সেই অপেক্ষা বুঝি ফুরাতে চলেছে! আজ শনিবার মুক্তি পাওয়া অভিনেতার নতুন সিনেমা ‘রকস্টার’–এর লুক দেখে অন্তত সেটাই মনে হয়েছে। ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন, এ উপলক্ষে বেলা ১১টার দিকে প্রকাশ করা হয়েছে ছবিটির ফার্স্ট লুক। মাত্র সাত মিনিটেই পোস্টটিতে প্রতিক্রিয়া এসেছে দুই হাজারের বেশি।

পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরে রাস্তায় বসে আছেন শাকিব, পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স। সারা গায়ে ট্যাটু করা, পেছনে লেখা সিনেমার নাম ‘রকস্টার’।

মন্তব্যের ঘরে অনেক ভক্তই শাকিবের লুকের প্রশংসা করেছেন, কেউ আবার জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

`‘রকস্টার’–এর লুকে শাকিব খান। ফেসবুক থেকে

জানা গেছে, আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং এর মধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়ে গেছে।

সিনেমাটি নিয়ে নির্মাতা গণমাধ্যমে বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টারের লুকে আমরা শাকিব খানকে দেখাব, যিনি এই সময়কে ধারণ করেন। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা “রকস্টার” ক্যারেক্টার ডিজাইন করেছি।’

আরও পড়ুন

শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে।

আজমান রুশোর গল্পে ‘রকস্টার’-এর চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ছবিটি প্রযোজনা করেছে সান কমিউনিকেশন।